বাকৃবিতে বিএনপিপন্থি শিক্ষকদের অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৮
নিয়োগ বাণিজ্য বন্ধ এবং বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকরা গত
রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন এবং আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পূর্বনির্ধারিত সূচি অনুয়ায়ী বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের ‘সোনালী দল’-এর নেতৃবৃন্দ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হকের বাসভবনে গিয়ে সাক্ষাত্ করতে চাইলে উপাচার্য সাক্ষাত্ করতে অপরাগতা প্রকাশ করেন। এরপর সোনালী দলের শিক্ষক নেতৃবৃন্দ তাদের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে গতকাল রবিবার থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
বিএনপি পন্থী শিক্ষকরা রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের গ্যালারিতে আলোচনায় বসেন। আলোচনাশেষে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকরা তাদের দাবির পক্ষে ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন। মিছিলে দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক ও সকল অনুষদ প্রদক্ষিণ করে। বিএনপি পন্থী শিক্ষকদের আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়ে সকল অনুষদের ছাত্র সমিতির উদ্যোগে শিক্ষার্থীরা গতকাল দুপুরে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। বিএনপি পন্থী শিক্ষকরা ক্লাস না নেয়ায় বিভিন্ন অনুষদে শিক্ষকদের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো সোনালী দলের শিক্ষরা একযোগে ক্লাস-পরীক্ষা বর্জন ও ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়ায় ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে আওয়ামী পন্থী শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিয়েছেন।
সোনালী দলের সভাপতি অধ্যপক ড. ইদ্রিস মিয়া ‘ইত্তেফাক’কে বলেন, সোনালী দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাত্ চেয়েও পাওয়া যায়নি। দাবি আদায়ে আমরা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও ৯ নভেম্বরে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা গ্রহণে বিরত থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব।’ প্রক্টর অধ্যাপক ড. শহীদুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
শিক্ষকদের অবস্থান ধর্মঘট পালন, ছাত্রদলের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
গতকাল সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পদত্যাগ দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি শিক্ষকরা। গতকাল ভোরে বাকৃবি ছাত্রদলের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও র্যাবের টহলরত একটি দল। গতকাল সকালে ক্যাম্পাসে ঝটিকা মিছিল বের করে বাকৃবি শাখা ছাত্রশিবির।