চৌমুহনীতে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে বিএনপি ক্যাডাররা

চৌমুহনী পৌরসভার কুরিপাড়ায় বিএনপি ক্যাডাররা বাবুল দাস (৬০) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। চাঁদার দাবিতে রবিবার রাতে তাকে পিটিয়ে গুরুতর জখম করার পর তিনি রাতে মারা যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার রমণীর হাট এলাকার মুক্তিযোদ্ধা বাবুল দাস কয়েক বছর ধরে কুরিপাড়ায় বসবাস করে আসছিলেন। রাত ৮টার দিকে বাড়িতে যাওয়ার সময় মহাশ্মশান সড়কে স্থানীয় বিএনপি ক্যাডার প্রীতম, সোলায়মানসহ কয়েকজন তার পথরোধ করে চাঁদা দাবি করে। বাবুল দাস চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়। বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।