হরতালের সমর্থনে ঢাকা ভার্সিটিতে ছাত্রদলের ঝটিকা মিছিল
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪০
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের চলমান হরতালের সমর্থনে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে পৌঁছলে সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে নাসির নামে এক ছাত্রদল কর্মী আহত হন। এরপর পুলিশও ছাত্রদলের মিছিলটিকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে ঐ স্থান ত্যাগ করে। মিছিলে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া নেতৃত্ব দেন। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার থেকে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামালের নেতৃত্বে একটি এবং সহকারী প্রক্টর ফজলুর রহমানের নেতৃত্বে অপর একটি কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটির সদস্যসংখ্যা তিন। কমিটির প্রধানদের দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে বলে প্রক্টর জানান।
হরতালের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সোমবার রাত সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সামনে চারটি এবং দুপুরে দোয়েল চত্বরে একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আমজাদ আলী জানান, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করা যায়নি।