কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪০
কুয়েতে দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছে। গত শনিবার ভোরে কুয়েতের জাহারা এলাকার আমগারা নামক স্থানে কর্মস্থল যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজী শামসুউদ্দীনের ছেলে ইসরাফিল, মাদারীপুরের রাজৈর উপজেলার জব্বার শেখের ছেলে শওকত শেখ, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার লিহাস উদ্দিনের ছেলে নাসির উদ্দিন ও একই এলাকার নূর আহমেদের ছেলে নাজির আহমেদ।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কুয়েতের জাহারা, ফারওনিয়া ও সাবাহ হাসপাতালে আইসিইউ’তে রয়েছেন আনোয়ারুল শেখ, আব্দুর রব খান, বাবুল, সালাম ও দেওয়ান আলী। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন, প্রথম সচিব (শ্রম) এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা জাহারা, ফারওনিয়া ও সাবাহ হসপিটালে চিকিত্সাধীন নাগরিকের খোঁজ-খবর নেন এবং দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন। মরদেহ দেশে প্রেরণের বিষয়ে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।