নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ জানালেন

নির্বাচনী সময় শুরু হবে তফসিল ঘোষণার পর

সংবিধান অনুযায়ী নির্বাচনী সময়ের ক্ষণ গণনা শুরু হলেও নির্বাচনপূর্ব সময়ের সংজ্ঞা নির্ধারণ ও আচরণবিধি তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনপূর্ব সময় গণনা করা হবে তফসিল ঘোষণার পর। এ সময় আচরণবিধি প্রয়োগ করা হবে। নির্বাচনপূর্ব সময়ের একটা সংজ্ঞা দিয়ে আচরণবিধি তৈরির কাজ করছে কমিশন। গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের এমনটিই বলেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনী সময় শুরু হয়েছে। সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী এই সময়ের মধ্যে আমরা নির্বাচন করব। তবে এই সময়ে আচরণবিধি প্রয়োগের মত সময় নয়। তফসিলের পর সব ধরনের নির্বাচনী আইন প্রয়োগ করা হবে। শাহ নেওয়াজ বলেন, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনী বাধ্যবাধকতা রয়েছে। আমরা সেই অনুযায়ী কাজ করছি। তবে এখনকার ৯০ দিন সময় পূর্বের নির্বাচনকালীন সময়ের মত নয়। তখন একটি নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে। এখন সরকার এবং সংসদ উভয় বহাল রয়েছে। আমরা পরিস্থিতি অনুযায়ী সময় হাতে রেখে নির্বাচন করব। সংবিধান অনুযায়ী নির্বাচন পূর্ব এই সময়ে আন্তর্জাতিক চুক্তি এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণার পূর্বে আমরা এই বিষয়ে কোন কার্যকর ব্যবস্থা নিতে পারব না। সরকার তাদের রুটিন কাজ করবে। তবে তফসিলের পর আচরণবিধি অনুযায়ী এই ধরনের উন্নয়নমূলক কাজে কমিশন হস্তক্ষেপ করতে পারবে। নির্বাচনকালীন সময়ে ডিসি ও এসপিদের বদলি করা সম্পর্কে তিনি বলেন, এটা একটা রুটিন কাজ, নির্বাচনের আগে ডিসি এসপিদের বদলি করতে হবে এই রকম কোন বাধ্যবাধকতা নেই। তবে আমরা প্রয়োজন মনে করলে ব্যবস্থা নেব।