হেফাজতের কর্মসূচি বহাল

‘বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’ -এর খসড়া মন্ত্রিসভার এজেন্ডা থেকে প্রত্যাহার করা হলেও পূর্বঘোষিত কর্মসূচি বহাল রেখেছে হেফাজতে ইসলাম। এ আইন প্রণয়নের চেষ্টার বিরোধিতা করে আগামী এক নভেম্বর সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। গতকাল সোমবার বিকালে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইত্তেফাককে পূর্বঘোষিত কর্মসূচি বহাল থাকার এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, আমাদের এক নভেম্বরের কর্মসূচি বহাল থাকবে। পরিবর্তন হবে না। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেছেন, তারা আইনের খসড়াটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রত্যাহার করেছেন। তারা আইন প্রণয়নের চেষ্টা থেকে সরেননি। এর মাধ্যমে সরকার ছল-চাতুরির আশ্রয় নিয়েছে। মাদ্রাসা শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। কওমী মাদ্রাসার জন্য কোনো আইন প্রণয়নের দরকার নেই। এমন চেষ্টা হলে প্রতিহত করা হবে। আমাদের আন্দোলন চলবে। গত রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সাংবাদিকদের বলেন, কওমি মাদ্রাসা আইন পাস হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। তিনি আইনটি পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী ‘বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’ পাস হলে ‘লাশ পড়বে’ বলে হুমকি দেন।