ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বহু দূরের পথচলা

‘উচ্চশিক্ষা’ চারটি অক্ষরের একটি মাত্র শব্দ। এই শব্দকে অল্প কথায় সংজ্ঞায়িত করা যায় না। আর উচ্চশিক্ষার একটি প্রাতিষ্ঠানিক মাধ্যম হলো বিশ্ববিদ্যালয়। বিদ্যালয় শব্দের শুরুতে বিশ্ব শব্দ যোগ হয়ে এটি হয়ে গেল বিশ্বময়। আর বিশ্ববিদ্যালয়কে অল্প কথায় সংজ্ঞায়িত করাতো আরও দুঃসাধ্য ব্যাপার। একজন মানুষকে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত করে তোলে বিশ্ববিদ্যালয়। সেই মানুষকে স্বপ্নের সাথে সাক্ষাত্ করিয়ে দেয় বিশ্ববিদ্যালয়। প্রায় ২০ একর জমির উপর দাঁড়িয়ে আছে ক্যাম্পাস। এত ছোট পরিসরেও কি সুন্দর করে সাজানো যায় তা না দেখে বোঝা মুশকিল। আর এর পরিবারের সদস্যদের জ্ঞানগর্ভ আচরণ যে কোন শক্ত হূদয়কে নরম করে দেয় নিমেষেই। মাঠের কোমল ঘাসের কোমলতার মতই কোমল এই ক্যাস্পাসের হূদয়। সব চেয়ে বড় ব্যাপার হলো এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত নেই ছাত্র রাজনীতির কালো ছায়া। দেশের একমাত্র এ বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, হলতাল-অবরোধ সহ যে কোন প্রতিবন্ধকতায় ও ক্লাস-পরীক্ষা চলছে স্বাভাবিক নিয়মে। ৩ অনুষদের অধীনে ১১টি বিভাগের মধ্যে ৭টি বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি দেয়া হয়। ২২০০ শিক্ষার্থী ও ১১৭ জন শিক্ষক নিয়ে পরিচালিত এই ক্যাম্পাস জ্ঞান ও মমতায় ভরা। শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাস্পাসের পরিসর বাড়ানোর জন্য দাবি করে যাচ্ছেন। এই ছোট জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয় আর কত পথ চলবে এমন প্রশ্ন সবার। ‘দেশ ও দেশের বাইরে প্রযুক্তি দিয়ে মানুষের সেবা করার লক্ষ্যে আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।’ বলছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ গোলাম কিবরিয়া। কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফাতিহাতুল জান্নাত বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় আয়তনে ছোট হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এর ব্যপ্তি সাগরের মত।’ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, ‘প্রথমে আমাদের পর্যাপ্ত জায়গা দিলে আমাদের কার্যক্রম আরও ভালোভাবে চালানো যেত। বিভাগ বাড়ানো দরকার। আর সব কিছুর জন্য বেশি জায়গা দরকার।’ পর্যাপ্ত জায়গা পেলে এই বিশ্ববিদ্যালয়ের চলার পথ সুগম হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে এমনটি মনে করেন এ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে দৃষ্টি দেবে বলে সকলের আশা।