শিক্ষকের কথা
পড়াশুনা আনন্দের
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৪৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মুহাম্মাদ শফিউল্লাহ
এন. এম. রবিউল আউয়াল চৌধুরী। পড়াশুনা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গ্রামের প্রথম পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কৃতিত্ব তাকে ছেড়ে যেতে সাহস করেনি। বাবা প্রয়াত আব্দুল কাদের চৌধুরী ও মা শাহিদা খাতুন। বাবা-মায়ের এই দুরন্ত ছেলের সাফল্য অর্জন সে তো নতুন নয়। ১৯৯৫ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি ও ১৯৯৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে বিএসএস-এ (অনার্স) প্রথম শ্রেণীতে ২য় ও এমএসএস-এ (মাস্টার্স) প্রথম শ্রেণীতে ২য় হয়েছেন। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।
নিজের সাফল্য নিয়ে রবিউল আউয়াল বলেন, ‘গতানুগতিক পড়াশুনার বাহিরে এসে অল্প অল্প করে বিশ্লেষণ ধর্মী পড়াশুনা আমার পছন্দ ছিল। কোন বিষয় নিয়ে গভীর চিন্তা করার শক্তি যে কান শিক্ষার্থীর জন্য খুব উপকারী।’ তিনি বলেন, ‘মানুষ ভালোলাগাকে প্রধান্য দেয়। ভালোলাগার সূত্র ধরেই তাকে এগুতে হয়। যে কোন কাজ আনন্দের সঙ্গে করা উচিত।’ সমসাময়িক বিষয়ের উপরে গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে জানা একজন ভাল শিক্ষার্থীর বৈশিষ্ট্য। নিয়মমাফিক পড়াশুনা যে কোন শিক্ষার্থীর জন্য সাফল্য বয়ে আনবে এটা বিশ্বাস করেন রবিউল আউয়াল।
তিনি আরো বলেন, ‘আমরা বঙ্গালী মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের চলার পথে শিক্ষা গুরুত্বপূর্ণ। আর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা খুবই আনন্দের।’ শিক্ষার্থীদের উদ্দেশে রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীকে দেখতে হবে কোন বিষয়টা তার ভালোলাগে। যে বিষয়টা তার ভালোলাগে সে দিকেই তার সাফল্য নিশ্চিত, ব্যর্থতা আসবে না। প্রচুর পড়াশুনার বিকল্প নাই।’