সংবাদ কণিকা

৭৫ হাজার ডলারে মহাকাশ ভ্রমণ! ওয়ার্ল্ড ভিউ নামে একটি প্রতিষ্ঠানের বেলুনে চড়ে ভূপৃষ্ঠ থেকে ১৮ মাইল উচ্চতায় মহাকাশের কাছ থেকে ঘুরে আসতে খরচ হবে ৭৫ হাজার ডলার। এ প্রকল্পে বিশালাকৃতির হিলিয়াম বেলুনে একটি ক্যাপসুল যুক্ত করা হবে। এ ভ্রমণ চালুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিউ। ক্যাপসুলে চালকসহ আটজন ভ্রমণ করতে পারবেন। এ টিমে দু’জন চালক আরোহীদের সঙ্গে থাকবেন। বিশেষ এ যানে করে আরোহীদের মহাশূন্যের কাছে দু’ঘণ্টা ভ্রমণ করানো হবে। আরোহীরা তখন মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে পারবেন। আগামী বছর পরীক্ষামূলক এ যাত্রা শুরু হতে পারে।—রয়টার্স আমীর কন্যার কাজের স্বীকৃতি মধ্যপ্রাচ্যের রাজ পরিবার বা শেখ পরিবারের দু’হাতে ডলার ওড়ানোর অভ্যেস আছে। অনেক সময়ই ঐ খরচ খুব ভালো কাজে হয় না। তবে কাতারের আমীরের কন্যা শেইখা আল-মায়াসা-আল-থানি ভালো কাজেই খরচ করেছেন। দোহা মিউজিয়ামের সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ করতে এক বছরে একশ’ কোটি ডলার খরচ করেছেন। তাই তাকেই একশ’ জনের তালিকায় সবার ওপরের জায়গাটি দিয়েছে আর্টরিভিউ। এর আগে একবারই কোন নারী এই সম্মান পেয়েছেন। তিনি হলেন ইটালীয়-বুলগেরীয় বংশোদ্ভূত ক্যারোলিন ক্রিস্টভ-বাকারগিয়েভ।—এএফপি চীনে বাষুদূষণ রোধে চীনের উত্তরাঞ্চলে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে, যা সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য বায়ুদূষণের প্রভাব নির্ণয়ে জাতীয় নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে দেশটি। এমনটাই সম্প্রতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা বা ডাব্লিউএইচও। ডাব্লিউএইচওর রিপোর্ট অনুযায়ী, কোন জায়গায় দিনে পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫-এর মাত্রা ২০-র বেশি হওয়া উচিত নয়। আর এই মাত্রা ৩০০ এর বেশি হলে তা মারাত্মক। অথচ গত সপ্তাহে চীনের উত্তর পূর্বাঞ্চরীয় হাইলংজিয়াং প্রদেশের রাজধানী হার্বিনের কয়েকটি এলাকায় পিএম ২.৫-এর রিডিং ১০০০-এ পৌঁছেছিল, যা ভয়াবহ।—এপি