রিকশাচালক থেকে নার্সারি ব্যবসায়ী

এক সময়ের রিকশা চালক নূরুল আলম এখন সফল নার্সারি ব্যবসায়ী। তার নার্সারিতে ফলদ, বনজ, ঔষধী ও ফুলের চারাসহ লক্ষাধিক বিভিন্ন প্রজাতির চারা সব সময় বিক্রির জন্য মজুদ রাখা হয়। তার প্রতিষ্ঠিত বনলতা নার্সারির পাশাপাশি ভ্যান গাড়িতে করে চারা বিক্রি করে তিনি এখন লাখ টাকার মালিক। পরিবারে সচ্ছলতা ফিরে আসার কথা উল্লেখ করে নূরুল আলম বলেন, তাকে অনুসরণ করে অনেকে এখন নার্সারি ব্যবসায় জড়িয়ে পড়েছে। ভাগ্যের পরিবর্তন হচ্ছে তার গ্রামের হতদরিদ্র শতাধিক পরিবারের। মালভিটাপাড়া গ্রামের আমির হোসেনের পুত্র নূরুল আলম (২৮) ছোটকাল থেকে রিকশা চালিয়ে পরিবারের হাল ধরেন। এক পর্যায়ে উখিয়া সদর বনরেঞ্জ অফিসের নার্সারিতে খণ্ডকালীন চাকরি করে তিনি নার্সারি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে তিনি স্বাবলম্বী হয়েছেন। সদর স্টেশনে নিজস্ব ভ্যানে চারা বিক্রির সময় নূরুল আলম জানান, তার নার্সারিতে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক চারা মজুদ রয়েছে। অনেকেই তার প্রতিষ্ঠিত মালভিটাপাড়া বনলতা নার্সারি থেকে চারা সংগ্রহ করেন। সারাদিন ভ্যান গাড়ি নিয়ে চারা বিক্রি করে হাজার টাকা আয় করেন তিনি। রাতে স্ত্রী-পরিজন নিয়ে নার্সারির চারা উত্পাদন ও সংরক্ষণের কাজে সময় ব্যয় করেন। তিনি জানান, তার নার্সারিতে এক একটি পেয়ারা গাছের চারা ৫শ টাকা ও আমের চারা ৩শ টাকা দরে বিক্রি হচ্ছে।