নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪৮
মঙ্গলবার দুপুরে নড়াইলে সদর উপজেলার পাজারখালী বাজারে রিয়াজুল ইসলাম টিংকু (৪১) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত টিংকু সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিলডুমুরতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাছুম আহম্মদ ভুঁইয়া জানান, টিংকু পাজারখালী বাজারে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও দুই পায়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে সহকারী পুলিশ সুপার জানান।