মঠবাড়িয়ায় শিবিরের হাতে নিহত যুবলীগ নেতার লাশ নিয়ে মিছিল

হরতালের প্রথম দিন গত রবিবার পিরোজপুরের জিয়ানগরে শিবির ক্যাডারের হাতে নিহত বালিপাড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি স্বপন শীল (৩২) এর লাশ রবিবার রাতে নিজ উপজেলা মঠবাড়িয়া নিয়ে আসলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হত্যাকারীদের গ্রেপ্তার এবং জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে লাশ নিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জালাল ও ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমুখ। এরপর গভীর রাতে স্বপনের লাশ উপজেলার আন্ধারমানিক গ্রামে নিয়ে যাওয়া হয়। নিহত স্বপনের বাবা সুনীল শীল ও মা কল্পনা রানী শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার ভোরে পারিবারিক শ্মশানে তার লাশ দাহ করা হয়। নিহত স্বপনের বাবা দরিদ্র সুনীল শীল (৭৫) কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, নোংরা রাজনীতির বলি হলো আমার ছেলে। স্বপনের রেখে যাওয়া স্ত্রী বিউটি রানী ও তার অবুঝ ২ ছেলের দায়িত্ব এখন কে নেবে? শিবিরের সহিংসতায় আহত স্ত্রী বিউটি রানী (২৫) জানান, স্বামীকে বাঁচানোর জন্য শিবিরের ক্যাডারদের কাছে বারবার কাকুতি-মিনতি করলেও তারা উল্টো আমাকে ও আমার দুই সন্তানকে পিটিয়ে আহত করে।