লেবুর ঘ্রাণে সুরভিত গ্রাম

ঘিওর (মানিকগঞ্জ):উত্পাদিত লেবু বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষক। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামের দৃশ্য এটি। বাইরের যে কেউ এ গ্রামে ঢুকলে অবাকই হবেন। কারণ এ গ্রামের বাতাসে সারাক্ষণই ভেসে বেড়াচ্ছে লেবুর সুগন্ধী ঘ্রাণ। যেন এটি কোনো গ্রাম নয় বরং বিস্তীর্ণ এক লেবু বাগান। গ্রামটিতে প্রায় ৩শ পরিবারের বসবাস। প্রতিটি বাড়িতেই রয়েছে লেবু গাছ। বাড়ির উঠান, আঙিনা যেখানেই ফাঁকা জায়গা, সেখানেই লেবু গাছ লাগানো হয়েছে। এছাড়া আছে দেড় শতাধিক ছোট-বড় লেবুর বাগান। লেবু চাষের বিস্তৃতি আর সাফল্যে ‘বালিয়াখোড়া’ এখন লেবুর গ্রাম নামেই পরিচিত। লেবু চাষ পাল্টে দিয়েছে এ অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট। উপজেলার বালিয়াখোড়া ও পার্শ্ববর্তী সোদঘাটা গ্রামের প্রায় ৭শ পরিবারের দুই সহস্রাধিক লোক লেবু চাষের উপর নির্ভরশীল। সুগন্ধি, সুস্বাদু ও প্রচুর রসযুক্ত হওয়ায় এই গ্রামের লেবুর প্রচুর কদর।     —মোঃ শফি আলম