বদরগঞ্জে তিনজনসহ নানা ঘটনায় ৯ জন নিহত
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১৯
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে এবং গলায় ফাঁস দিয়ে ৯ জনের মৃতু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৯ জন। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বদরগঞ্জ (রংপুর)
রংপুরের বদরগঞ্জে বর যাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী রিক্সাভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। রংপুর-পার্বতীপুর সড়কের বদরগঞ্জ ট্যাক্সেরহাটের পশ্চিমপার্শ্বে ভেলাকোবা নামক স্থানে গত সোমবার রাত ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ মুকসুদপুর ডাঙ্গাপাড়া গ্রামের রিক্সাভ্যান চালক আবু তালেব (৩৫) একই এলাকার দক্ষিণ রামনাথপুর হিন্দুপাড়ার প্রবি চন্দ্র (২২) ও পার্বতীপুর উপজেলার জমিরহাট এলাকার বরযাত্রী বিলকিস বেগম (৫০)। আহত ৭ জনের মধ্যে শমসের আলীকে (৪৫) আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল)
নড়াইল-লোহাগড়া সড়কের রামপুর ব্র্যাক অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও অপর এক যুবক আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ১২ টারদিকে নড়াইল ঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী জিএসএ টেম্পু লোহাগড়া ব্র্যাক অফিসের সামনে পৌঁছে সামনে থাকা একটি মোটর সাইকেলকে আঘাত করলে মোটর সাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছে আঘাত করে। আঘাতে লোহাগড়ার পারআমডাঙ্গা গ্রামের হেমায়েত শেখের ছেলে ওয়াসিম শেখ (৩০) ঘটনাস্থলে নিহত এবং দোয়ামল্লিকপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোরশেদ (২৬) আহত হয়।
ফুলপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামে গত সোমবার বিকেলে পানিতে ডুবে মিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মিম ঐ গ্রামের এবায়দুল হকের কন্যা। সে বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। সন্ধ্যায় বাড়ির সামনের ডোবায় এলাকাবাসী ভাসমান লাশ দেখে তার পরিবারে খবর দেয়।
গোয়ালন্দ (রাজবাড়ী)
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফজের আলী মোল্লা (৬৫) নামের একজনের লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার মৃত তোরাপ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তার ভ্যারাইটিজ স্টোরের ভিতরে ফজের আলী মোল্লার লাশ পড়ে থাকতে দেখা যায়।
মুরাদনগর (কুমিল্লা)
সোমবার রাতে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলা খাদ্য গোডাউনের পাশে গর্তযুক্ত সড়ক অতিক্রম করার সময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক এবিএম আতিকুর রহমান হেলালের স্ত্রী সানোয়ারা বেগম ছবি (২২) নিহত হয়। মুরাদনগর থানার ওসি আমিরুল আলম জানান, মুরাদনগর বাজার থেকে ছবি তার স্বামী হেলালের সাথে মোটর সাইকেল চড়ে বাড়ি যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
মধুখালী (ফরিদপুর)
মঙ্গলবার সকাল ১০টার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাভেল (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় অপর আরোহী নাইম (১৯) গুরুত্বর আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম পাভেল। পিতার নাম আঃ রাজ্জাক। বাড়ী মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামে।
মুরাদনগর (কুমিল্লা)
উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমি আক্তার (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে একই গ্রামের দর্জি শ্রমিক শফিকুল ইসলামের মেয়ে। সোমবার নিজেদের বৈঠক ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
কালিয়াকৈর (গাজীপুর)
কালিয়াকৈরে পানিতে ডুবে সুহান মিয়া নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার বানের টেকী গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ সুহান মিয়া (২) মঙ্গলবার দুপুরে সকলের অজ্ঞাতসারে বাড়ির পার্শ্ববর্তী জয়ার বিলের পানিতে ডুবে মারা যায়। জানাজা শেষে তাকে পারিবরিক কবরস্থানে দাফন করা হয়েছে।