আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি ১০ নভেম্বর
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২১:৪৭
রমনা বটমূলে বোমা হামলা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। সোমবার আসামি মাওলানা সাব্বিরের পক্ষে আনোয়ার হোসেন নামের একজন সাক্ষীকে জেরা করেন আইনজীবীরা।
এ জেরা শেষে আসামিদের পক্ষে আর কোন আবেদন না থাকয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য এ দিন ধার্য করেন।
গত ২৩ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফের সাক্ষ্য শেষ হয়। কিন্তু ওইদিন আসামিপক্ষে একজন সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সাক্ষ্যগ্রহণের সময় মামলার প্রধান আসামি মুফতি আবদুল হা্ন্নানসসহ ৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন।