অবশিষ্ট ফ্ল্যাট ও প্লট অচিরেই বরাদ্দ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২১:৪৮
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বর্তমান সরকারের মেয়াদে এ পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজার ফ্ল্যাট ও প্লটের মধ্যে অর্ধেক বরাদ্দ দিয়েছে। অবশিষ্ট ফ্ল্যাট ও প্লট অচিরেই বরাদ্দ দেয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় জানায়, বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক ৪৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের কাজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ছয় হাজার ১৪৫টি ফ্ল্যাটের মধ্যে তিন হাজার চারটি ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে ছয় হাজার ২৪৬টি প্লটের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে দুই হাজার ৫৪টি। বৈঠকে তেজগাঁও শিল্প এলাকার প্রধান সড়ককে শিল্পকাম বাণিজ্যিক এলাকা হিসাবে ঘোষণার বিষয়ে ইতিপূর্বে গৃহীত কমিটির সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়।
কমিটি ড্যাপ নিয়ে দুর্নীতি সম্পর্কিত যে খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা অবাস্তব, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছে। মন্ত্রণালয়কে দ্রুত ড্যাপ সম্পর্কে প্রকৃত ব্যাখ্যা প্রদান করার সুপারিশ করা হয়। রাজউক, চউক এবং কেডিএ-এর ভবিষ্যত্ উন্নয়ন প্রকল্পগুলোর সার সংক্ষেপ কমিটির সামনে উপস্থাপন করা হয়।
কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, মো. আবদুছ ছাত্তার, জহিরুল হক ভূঞা মোহন, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী এবং সাফিয়া খাতুন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।