ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ২৩ জন
মেসি রোনালদো নেইমারদের কাতারে বেল
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২১:৫৮
সাম্প্রতিক বছরগুলোর মতো আর্জেন্টাইন লিওনেল মেসি, পর্তুগীজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলীয় নেইমার ও ইনিয়েস্তার মতোদের সাথে এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখালেন গ্যারেথ বেল। ঘোষিত তালিকায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখের ছয় খেলোয়াড় ঠাঁই পেয়েছেন।
চলতি মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার থেকে সাড়ে আট কোটি পাউন্ডে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেল। গত মৌসুমে তিনি হটস্পারের হয়ে ২৬ গোল করেছিলেন।
ফিফা গতকাল মঙ্গলবার ফ্রান্স ফুটবলের সাথে যৌথভাবে সারা দুনিয়ার ২৩ জন খেলোয়াড়ের এ তালিকা প্রকাশ করে। সুইজারল্যান্ডের জুরিখে ২০১৪ সালের ১৩ জানুয়ারী চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তার আগে ডিসেম্বরে এ তালিকা ছেঁটে কেবল তিনজনে নামিয়ে আনা হবে। মেসি চারবার ফিফা বর্ষসেরা হওয়ার অনন্য কৃতিত্ব দেখান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের উইঙ্গার ও ২০০৮ সালের বর্ষসেরা রোনালদো ২০০৯,২০১১ ও ২০১২ সালে রানার-আপ হয়েছিলেন। দু’জনে এবারের তালিকাতেও আছেন যথারীতি।
ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে এগিয়ে থাকা ২৩ জন হলেন: লিওনেল মেসি (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো(পর্তুগাল), গ্যারেথ বেল(ওয়েলশ), এডিসন কাবানি (উরুগুয়ে), লুইস সুয়ারেজ (উরুগুয়ে), নেইমার (ব্রাজিল), থিয়াগো সিলভা (ব্রাজিল), র্যাডামেল ফ্যালকাও (কলম্বিয়া), ফ্রাঙ্ক রিবেরি (ফ্রান্স), এডেন হ্যাজার্ড (বেলজিয়াম), জ্লাতান ইব্রামোবিচ (সুইডেন), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), জাবি (স্পেন), থমাস মূলার (জার্মানি), ম্যানুয়েল নেয়ার (জার্মানি), বাস্টিয়ান সুয়েনস্টেগার (জার্মানি), ফিলিপ লাহম (জার্মানি), মেসুত ওজিল (জার্মানি), রবার্ট লেবানডভস্কি (পোল্যান্ড), আন্দ্রে পিরলো (ইতালি), রবিন পন ফার্সি (নেদারল্যান্ডস), আর্জেন রোবেন (নেদারল্যান্ডস), জাজা টোরে (আইভরি কোস্ট)। এদিকে কোচদের বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলা, ম্যানচেষ্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলোত্তি, আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার, চেলসির হোসে মরিনহো ও নেপোলির রাফায়েল বেনিতেজ। কোচদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ১০জন।