সড়ক দুর্ঘটনায় রবিবার মানিকগঞ্জে একজন, সোনারগাঁওয়ে দুজন এবং গত শনিবার সাভারে একজন নিহত হয়েছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে তার লাশ উদ্ধার করে গোলড়া হাইওয়ে পুলিশ। গোলড়া হাইওয়ে থানার ওসি লুত্ফর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহত ব্যক্তির পরনের পোশাক দেখে প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার, সাভার জানান, শনিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের সামনে বাস চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নিহত ওই বৃদ্ধের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।
সোনারগাঁওয়ে পৃথক দুর্ঘটনায়
নারী শ্রমিকসহ দুজন নিহত
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার ও অহিদুর ইসলাম নামের দুই শ্রমিক নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে মেঘনা শিল্প এলাকা ও জামপুর ইউনিয়নের মদনপুর-আড়াইহাজার সড়কে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় পৃথক মামলা হয়েছে।