ফেদেরারের প্রত্যাবর্তন দেখছেন নাদাল
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২২:১২
গ্র্যান্ড স্ল্যাম শিরোপার বিচারে রজার ফেদেরার যদি হন সর্বকালের সেরা তাহলে রাফায়েল নাদালও থাকবেন খুব কাছেই। নোভাক জোকোভিচ-অ্যান্ডি মারেদের আবির্ভাবের আগে সুইস সুপারস্টারের সঙ্গে নাদালের ম্যাচই ছিল টেনিসের সবচেয়ে আকর্ষণীয় লড়াই। কিন্তু গত কয়েক বছরে ফেদেরারের পড়তি ফর্ম সে লড়াই দেখা থেকে বারবারই বঞ্চিত করেছে টেনিস প্রেমীদের। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদালের বিশ্বাস আগামী বছরই আবার সেই পুরনো রূপে দেখা যাবে ফেদেরারকে। আন্দ্রে আগাসী, রড লেভার, পিট সাম্প্রাসদের ছাড়িয়ে ১৭টি শিরোপা নিয়ে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম শিরোপাধারীর তালিকায় ফেদেরার শীর্ষে পৌঁছেছেন বেশ কয়েক বছর আগেই। পূর্ণ করেছেন বহু আরাধ্য ক্যারিয়ার স্ল্যামও। তবে ৩২ বছর বয়সী এই তারকা গত দুই বছর ধরেই তার সেরা ফর্ম থেকে অনেকটাই দূরে আছেন। গত বছর উইম্বলডন ছাড়া জিততে পারেননি কোন শিরোপাই। অল ইংল্যান্ড ক্লাব ছাড়া পৌঁছাতে পারেননি অন্য কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেও।
আর গত বছরের তুলনায় ফেদেরারের এবছরটা ছিল আরো ফলশূন্য। বছরের প্রথমার্ধে জিততে পারেননি একটি শিরোপাও। দ্বিতীয়ার্ধে এসে জিততে পারলেও সেটা মোটেই পুরনো ফেদেরারকে চেনাচ্ছে না। ফলে ২০০২’র পরে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্ল্যাম ফাইনালবিহীন একটি বছর কাটাতে হয়েছে এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা এই তারকাকে। আর এসব মিলে ফেদেরারের শেষ দেখে ফেলছেন অনেকেই। তবে এমনটা যারা ভাবছেন নাদাল মোটেই নেই তাদের দলে। এই মুহূর্তে খেলছেন পুরুষ এককে তেমন খেলোয়াড়দের মধ্যে গ্র্যান্ড স্ল্যাম সংখ্যার বিচারে ফেদেরারের ঠিক পেছনে থাকা এই স্প্যানিয়ার্ড বরং ভাবছেন আগামী বছরই চেনা রূপে ফিরবেন ফেড এক্সপ্রেস। প্যারিস মাস্টার্স খেলতে এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করা সাতাশ বছর বয়সী এই বাহাতি বলেন, ‘আমার কোন সন্দেহ নেই এবছর সে যেমন খেলেছে, (সামনে) সে এর চেয়ে অনেক ভালো করবে। আমি এ ব্যাপারে একেবারেই নিঃসন্দেহ। তার প্রতিভাই তাকে এখনো যে কোন টুর্নামেন্টে ফেভারিটের কাতারে রাখে। একই কারণে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে সে ভালো কিছু করার ক্ষমতা রাখে।
বছরের শেষটা ভালো হলে আগামী বছর অস্ট্রেলিয়ায় মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফেদেরারের ভালো সম্ভাবনা দেখছেন নাদাল। এই মুহূর্তে ফেদেরারের লক্ষ্য কি হতে পারে এ সম্পর্কে নাদালের অনুমান, ‘আমার মনে হয় সে বছরটা যতদূর সম্ভব ভালোভাবে শেষ করতে চাইবে এবং আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে ভালো কিছু করতে চাইবে। আর যদি সেটা ঘটে, তাহলে বলাই যায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সে বড় একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আমি নিশ্চিত সে মোটেই ফুরিয়ে যায়নি। মৌসুম শেষের বিরতিতে সে পরিশ্রম চালিয়ে যাবে এবং আগামী বছরের জন্য নিজেকে গড়ে তুলবে। এই মুহূর্তে তার কেবল একটু অনুপ্রেরণা দরকার।’ তবে এখনই ফেদেরার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের দিকে নজর দেবেন বলেই মনে করছেন না নাদাল, ‘সে (ফেদেরার) এক নম্বরে ফিরতে চাইবে কিনা এ নিয়েও কথা চলছে। তবে আমার মনে হয় না এক নম্বরে ফেরার বিষয়টি এই মুহূর্তে তার ভাবনায় আছে। কারণ এখানে সে আগেও ছিলো। ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় সে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কাটিয়েছে। আপনি চাইলে টুর্নামেন্ট জিততে পারেন, দিন শেষে এমন একটা অনুভূতি নিয়েই আপনি কোর্ট ছাড়তে চাইবেন। আর আমার মনে হয় এই মুহূর্তে কেবল এই একটি বিষয় নিয়েই সে চিন্তিত।’