সাংবাদিকদের ওপর বোমা মারাই উচিত

সাংবাদিকদের ওপর বোমা মারাই উচিত বলে মন্তব্য করেছেন ফরহাদ মযহার। তিনি বলেছেন, সাংবাদিকরা গণবিরোধী, গণতন্ত্রবিরোধী। এমনকি সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফরহাদ মযহার। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র সাংবাদিকরাই দায়ী। বাংলাদেশে সন্ত্রাসও শুরু করেছে গণমাধ্যম। গত সোমবার একটি বেসরকারি টেলিভিশনের টকশেতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এসব কথা বলেন ফরহাদ মযহার। অনুষ্ঠানের সঞ্চালক বলেন, গণমাধ্যমের কারণেই দুর্নীতি ও দুর্বৃত্তায়ন নিয়ন্ত্রণে আছে বলে মানুষ মনে করে। এর কয়েক মিনিট পরে ফরহাদ মযহার বলেন, কথাটা বলেছি প্রতীকী অর্থে। আমাকে কেউ কেউ ভুল বুঝতে পারেন। ওই অনুষ্ঠানে ফরহাদ মযহার বলেন, সংবাদমাধ্যম সম্পর্কে এটা একটা সত্য কথা যে, বাংলাদেশে এখনকার গণমাধ্যম নিরপেক্ষতো নয়ই, একই সঙ্গে তারা গণবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয়, আমি তাদেরই দায়ী করি। তিনি বলেন, এখানে যে বিরোধী দল বলে একটা আছে, তাদের যে পক্ষে কথা বলার, তাদের বক্তব্য হাজির করার আপনি কোন পরিস্থিতি রাখছেন না। স্বভাবতই, এটা শেষ হবে বোমাবাজিতে। আপনি যখন কাউকে কথা বলতে বন্ধ করে দেবেন, স্বভাবতই এটা শেষ হবে সন্ত্রাসে। বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে গণমাধ্যম। আমি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে পরিষ্কার টেলিফোনে বলেছি, আপনারা সন্ত্রাসী, আপনারা এ দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। আপনাদের টেলিভিশনে আমি যাবো না। অনেক গণমাধ্যমতো দুর্বৃত্ত, দুর্নীতিবাজদের গণমাধ্যম। ফরহাদ মযহার আরো বলেন, আমি মনে করি এটা বুঝতে হবে আমাদেরকে। আমিতো মনে করি এই পটকা ফোটানোটা খুব কমই হয়েছে। মূলতো আরো বেশি হওয়া উচিত ছিল। গণমাধ্যমের কর্মীরা, আপনারা কখনো মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়িয়েছেন কি? দাঁড়ান নাই। আপনারা কি দিগন্ত টিভির পক্ষে দাঁড়িয়েছেন? দাঁড়ান নাই। আপনারা কি ইসলামিক টিভির পক্ষে দাঁড়িয়েছেন? দাঁড়ান নাই। আপনারা চ্যানেল ওয়ানের পক্ষে দাঁড়িয়েছেন? দাঁড়ান নাই। তাহলে আপনাদেরতো বোমা মারাই উচিত।