আপনি যেদিন আসবেন সেদিনই আলোচনা

আওয়ামী লীগের প্রচার সম্পাদক, বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে বলেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে নৈরাজ্য সৃষ্টি না করে আলোচনায় বসুন। আপনি যেদিন আসবেন সেদিনই আলোচনা হবে। তবে সেই আলোচনার ভিত্তি হবে সংবিধান। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর মার্কেটের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিরোধী দলের ডাকা হরতাল চলাকালে বিটিভি, ৭১ টিভি, দেশ টিভি, জিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দের বাসভবনে বোমা হামলা এবং সারাদেশে বিভিন্ন স্থানে মানুষ হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। হাছান মাহমুদ বলেন, বিরোধী দল দেশে হরতালের নামে ভয়তালের আহবান করেছেন। তাদের এই গণবিরোধী কর্মসূচি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। কেননা অতীতে হরতাল আহবান করে কোনো অ্যাম্বুলেন্স ও সংবাদ কর্মীদের ওপর হামলা করা হয়নি। কিন্তু তাদের সাম্প্রতিক হরতালে বিভিন্ন টেলিভিশনের অফিসে এবং সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাহজাহান আলম সাজু, অভিনেত্রী বন্যা দত্ত, সেলিনা আক্তার প্রমুখ।