প্রধানমন্ত্রীর দাওয়াত অব্যাহত রয়েছে
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৩৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সংলাপে বসতে সরাসরি ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে যে দাওয়াত দিয়েছেন তা এখনো অব্যাহত আছে। বিরোধী দলীয় নেত্রী যেদিন ইচ্ছা সেদিনই আসতে পারেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে’ মর্মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিরোধী দলীয় নেত্রীকে দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী; কিন্তু বিরোধী দলীয় নেত্রী ২৯ অক্টোবর ৬টার আগে আসতে পারবেন না বলেছেন। তিনি কখন আসতে পারবেন সে উদ্যোগটি এখন তাকেই নিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রমুখ উপস্থিত ছিলেন।