মাগুরায় পুলিশের গুলিতে একজন নিহত, আহত ২
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৫০
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইলে গতকাল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে পুলিশের গুলিতে মারুফ হোসেন (১৮) নামে একজন নিহত হয়েছে এবং শামীম ও রুবেল নামে অপর দুইজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত মারুফ মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারের কাপড় ব্যবসায়ী।
এদিকে জেলা বিএনপি নিহত মারুফকে যুবদলের কর্মী দাবি করে এবং পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে আজ বুধবার মহম্মদপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
দুপুরে ধোয়াইল বাজারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্তিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি বর্ষণ করলে মারুফ গুলিবিদ্ধ হয় এবং সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার ধোয়াইল বালিদিয়া ও ধোয়াইল এলাকাবাসীর মধ্যে সামাজিক বিরোধকে কেন্দ করে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড সর্ট গানের গুলি ছোঁড়ে।
জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ নিহত মারুফকে যুবদলের কর্মী দাবি করে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বুধবার মহম্মদপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। এলাকায় উত্তেজনা চলছে। সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ টহল চলছে।
বাজিতপুরে আওয়ামী লীগের আহত নেতার মৃত্যু
বাজিতপুর সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সোমবার সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে আহত বলিয়ারদী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ শের আলী সোমবার রাতে হাসপাতালে মারা গেছেন।
আওয়ামী লীগের দাবি, সংঘর্ষ চলাকালে হরতালকারী বিএনপির কর্মীদের আক্রমণে তার বুকে ইটের আঘাত লাগে। এতে শের আলী মারা যান। মঙ্গলবার ময়না তদন্তের জন্য শের আলীর লাশ পুলিশ মর্গে পাঠিয়েছে।
থানার এসআই বদিউজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদনে শের আলীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ও বাম পায়ের গোড়ালির চামড়া উঠানো ছিল। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ ফজলুল বাকী জানান, হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার পর চিকিত্সাধীন অবস্থায় শের আলীর মৃত্যু ঘটে। আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন জানান, সংঘর্ষ চলাকালে শের আলীর বুকে বিএনপির সন্ত্রাসীদের ছোঁড়া ঢিল লাগে। তার পায়েও আঘাত লাগে। এ কারণেই শের আলীর মৃত্যু ঘটে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে।
তবে বিএনপির সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপির কর্মীরা আহত হয়।
এদিকে সোমবারের সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ ৭০০-৮০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে বাজিতপুরে ১৪৪ ধারা জারি আছে।