রাষ্ট্রীয় সংলাপ জানার অধিকার জনগণের রয়েছে :তথ্যমন্ত্রী
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৫০
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার যে ফোনালাপ গণমাধ্যমে এসেছে তা সরকার প্রকাশ করেনি। অবশ্য ‘রাষ্ট্রীয় এ সংলাপ’ সম্পর্কে জানার অধিকার জনগণের রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি সংলাপের ট্রেন ফেল করলে নির্বাচন ও গণতন্ত্রের ট্রেনও ফেল করবেন। এখন ভেবে দেখুন, আপনি সংলাপের ট্রেনে উঠবেন নাকি, জামায়াত-হেফাজতের ট্রেনে উঠে পাকিস্তান যাবেন। হরতাল ও নাশকতা বন্ধ করে খোলামন নিয়ে শর্ত ছাড়া বিরোধী দলকে সংলাপে আসার আহ্বান জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
দুই নেত্রীর ফোনালাপ ফাঁস হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে তথ্যমন্ত্রী মনে করেন, দুই নেত্রীর ফোনালাপ কোন ব্যক্তিগত ফোনালাপ নয়। এটি রাষ্ট্রীয় সংলাপ। এটা প্রকাশ হওয়া উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সংলাপের প্রস্তুতি এখনো অব্যাহত রয়েছে। এখানে আমাদের নতুন করে উদ্যোগ নেয়ার কিছু নেই। উনারাই কবে আসতে চান, তা বলবেন। আমরা সংলাপের আশায় থাকলাম। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর প্রস্তাব ও খালেদা জিয়ার প্রস্তাব দুটো নিয়েই আলোচনা হতে পারে।
বিএনপি না এলে একতরফা নির্বাচন হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, একতরফা নির্বাচন বলে কিছু নেই। সংবিধান অনুসারে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সেই নির্বাচনের ব্যবস্থা করবে। বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, এটা ভবিষ্যত্ই বলে দেবে। তবে তারা নির্বাচনে না এলে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ‘৭১ টেলিভিশনে আরো হামলা করা উচিত ছিল’ মর্মে কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারের এমন মন্তব্যের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে। প্রয়োজন মনে করলে ব্যবস্থা নেবে।