জাতীয় পার্টি-জেপির ইফতার মাহফিলে মোহাম্মদ নাসিম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ গড়ব

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ মোকাবিলা করেছি। যে কোনোভাবেই হোক প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সুখী-সুন্দর বাংলাদেশ গড়বো। গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডিতে ১৪ দলের শরিক জাতীয় পার্টি-জেপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

কৃষকের ধানের ন্যায্য মূল্যের সমাধান হবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন বলেই সফল হন। সেজন্য দেশের মানুষ তাকে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ।

ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আল্লাহর রহমতে জেপি ২০-২২ বছর ধরে টিকে আছে, টিকে থাকবেও ইনশাল্লাহ। অনেকেই বলেন-রাজনীতিতে দুইটি ধারা; কিন্তু তৃতীয় ধারাও যে টিকে থাকতে পারে জেপিই এর প্রমাণ। আর টিকে থাকার কারণ জেপি সর্বদা সত্য, ন্যায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে। পবিত্র মাহে রমজানের তাত্পর্য তুলে ধরে জেপি চেয়ারম্যান বলেন, যারা পরকালে   বেহেশত লাভের জন্য একটু হলেও চিন্তা-ভাবনা করেন তাদের জন্য এই মাহে রমজানের মাস বিরাট সুর্বণ সুযোগ নিয়ে আসে। এ মাসেই ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল। এজন্য এই মাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম।

১৪ দলের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পবিত্র এই মাহে রমজানে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হোক, পশুত্ব বিদায় হোক। মানুষে-মানুষে সাম্য প্রতিষ্ঠা হোক- এই কামনা করি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, আমাদের জাতীয় জীবনে অনেক অগ্রগতি আছে। জাতিকে আরো সামনে এগিয়ে নিতে দরকার সমন্বিত উদ্যোগ। এই মাহে রমজানে আমরা আল্লাহর কাছে সেজন্য রহমত প্রত্যাশা করি। জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, মাহে রমজানেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। সেজন্য এই মাস রহমত, বরকত ও নাজাতের। এ মাসেই পবিত্র লাইলাতুল কদর অর্থাত্ শক্তির মাস। অনুষ্ঠান পরিচালনাকারী ও জেপির কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী বলেন, দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর হয়ে যাক- পবিত্র রমজানে এটাই আমাদের প্রত্যাশা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন শেখ শহীদুল ইসলাম।

ইফতার মাহফিলে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হক ছাড়া আরো যোগ দেন ১৪ দলীয় শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল হক চানপুরী ও বাসদের রেজাউর রশীদ খান। জেপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, মফিজুল হক বেবু, আবু সাইয়িদ ও নাজমুন নাহার বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।