সাধুবাবার স্বর্ণ খনির স্বপ্ন মিথ্যা হলো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৫১
মিথ্যা হলো ভারতের সাধুবাবার স্বর্ণ খনির স্বপ্ন। এত খোঁড়াখুড়ি পরও উত্তরপ্রদেশ রাজ্যের উন্নাও জেলার ডোডয়িখেরা গ্রামে মাটির তলায় কোনও সোনা পাওয়া যায়নি। একটানা দুই সপ্তাহ খনন শেষে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) গতকাল মঙ্গলবার জানিয়েছে, উন্নাওতে কোন সোনা নেই।
ডোডয়িখেরা গ্রামের রাজবাড়ির নীচে হাজার টন সোনার ভাণ্ডার আছে বলে দাবি করেছিলেন শোভন সরকার নামের এক সাধুবাবা। তার কথার ভিত্তিতেই রাজমহল সংলগ্ন কিছু এলাকা চিহ্নিত করে গত ১৮ অক্টোবর থেকে খননকার্য শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রাথমিকভাবে পরীক্ষা করার পর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অনুমান করেছিল, রাজমহলের ১৫ থেকে ২০ ফুট নীচে ধাতব বস্তু থাকলেও থাকতে পারে। সাধু দাবি করেছিলেন, স্বপ্নে খোদ দূর্গের মালিক রাজা রাও রাম বাক্স তাঁকে বলেছেন, রাজবাড়ির তলায় এক হাজার টন সোনা লুকানো আছে। এগুলো বের না করলে শান্তি আসবে না। রাজা রাও রাম সিং ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির রাণী লক্ষ্মী বাঈকে সাহায্য করায় ব্রিটিশরা তাঁকে ফাঁসি দিয়েছিল। - টাইমস অব ইন্ডিয়া