সংলাপের কোন লক্ষণ দেখছি না ঃ জয়
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৫১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি সংলাপ চায় না বলেই প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেননি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সংলাপে আসতে চায় না বলেই তারা নানা অজুহাত দেখাচ্ছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের সমঝোতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পুত্র বলেন, সংলাপ নিয়ে আমি আশাবাদী। তবে সংলাপের কোন লক্ষণ দেখছি না।
আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আগামীতে আমি প্রার্থী হচ্ছি না। কারণ নিজে প্রার্থী হলে দলের জন্য কিছু করতে পারবো না। এখন দলের জন্য কিছু করি।
দেশে কতদিন থাকছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বেশ কিছু দিন থাকবো এবং বেশকিছু রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবো।