সদ্যঘোষিত ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কমিটিতে শতাধিক বিতর্কিতদের স্থান দেওয়ার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে পদবঞ্চিতরা। গত শনিবার রাতে বিতর্কিত নেতাদের ব্যাপারে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তথ্য-উপাত্ত উপস্থাপন করতে এসে আবারো হামলার শিকার হয়েছেন পদবঞ্চিতরা। ঘটনার প্রতিবাদে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি পালন করছে। একই ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার শিকার হওয়া রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশাকে অপহরণ চেষ্টার অভিযোগ করে শাহবাগ থানায় জিডি দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিএসসিতে শনিবার রাত ১২টার দিকে পদবঞ্চিতদের সঙ্গে আলোচনার একপর্যায়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তারকে প্রশ্ন করেন তুই আমার বিরুদ্ধে মাদক নেওয়ার বিষয়ে চ্যানেলগুলোতে কথা বলেছিস কেন? লিপি আক্তার পাল্টা বলেন, আপনারাতো সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের বিষয়ে খারাপ কথা বলেছেন। এটা আপনাদের কাছ থেকে শিখেছি। পরে গোলাম রাব্বানী লিপিকে বেয়াদব বলে গালি দেন। গোলাম রাব্বানীর এমন মন্তব্যের তাত্ক্ষণিক প্রতিবাদ জানালে লিপি আক্তারের সঙ্গে তার তর্ক বেধে যায়। একপর্যায়ে গোলাম রাব্বানী নিজেই লিপি আক্তারের গায়ে হাত তোলেন। সঙ্গে সঙ্গে রাব্বানীর অনুসারীরাও লিপিসহ তার সঙ্গী বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সভাপতি শ্রাবণী শায়লা ও সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, নতুন কমিটির সংস্কৃৃতি বিষয়ক উপ-সম্পাদক নিপু ইসলাম তন্বী, তিলোত্তমা শিকদার, শামসুন নাহার হল শাখার সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক এমদাদ হোসেন সোহাগ, সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক আজমীর শেখ, ঢাবি শাখা ছাত্রলীগের গত কমিটির সহ-সম্পাদক শেখ আব্দুল্লাহর ওপর হামলা চালায়। এসময় টিএসসির ভেতরে কয়েকধাপে হামলায় ১৫ জন আহত হয়।
রাত তিনটার দিকে পদবঞ্চিতরা রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন। এসময় পদবঞ্চিতদের বুঝিয়ে অনশন থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক। গোলাম রাব্বানী তাদের উদ্দেশে বলেন, আমি দুঃখিত, তোমরা চলে যাও। আমি কাল নেত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আসব।
নিজের গায়ে হাত তোলার বিষয়ে রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার সাংবাদিকদের বলেন, আমাদের ওপর হামলা করা হয়েছে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানাব। অভিযোগের বিষয়ে গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মী কমিটিকে কেন্দ্র করে ইস্যু তৈরির চেষ্টা করছে। সিন্ডিকেটের নির্দেশে নাটক সাজিয়ে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে।
ছাত্রলীগ নেত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ: এদিকে রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশাকে অপহরণ চেষ্টার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গতকাল দুপুরে ঢাবির সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বদরুন্নেছা ছাত্রলীগের সহ-সভাপতি এস কে রিমা তাকে ফোন দিয়ে বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কথা বলতে চান। সন্ধ্যায় রিমা হাতিরপুলের একটি বাসায় শ্রাবণী দিশার কাছে যান। কিন্তু রিমার আচরণ দেখে তিনি বুঝতে পারেন নওফেলের কথা বলে তাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এসময় তড়িঘড়ি করে রিমা বেরিয়ে যান।