ভুরুঙ্গামারীতে পরিত্যক্ত ১৩টি বিএস কোয়ার্টার বেদখলে

ইউনিয়ন পর্যায়ে সরকারের কৃষিসেবা পৌঁছে দেয়ার জন্য নব্বইয়ের দশকে ভুরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৩টি বিএস (বর্তমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা) কোয়ার্টার তৈরি করা হয়। যা প্রায় একযুগ ধরে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ভবন ইতিমধ্যে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার থানাঘাট বাজার, উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গা, ধামের হাট, গছি ডাঙ্গা, পাইকের ছড়া, বাগভান্ডার, দেওয়ানের খামার, ছোট খাটামারী, আন্ধারীঝার, ছনবান্দা খলিসাকুড়ি, চর ভুরুঙ্গামারী এবং ভরতের ছড়ায় অফিস সম্বলিত ১৩টি বিএস কোয়ার্টার তৈরি করা হয়। একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার সার্বক্ষণিক উপস্থিতিতে কৃষিকর্মীদের সহযোগিতায় কৃষকদের জন্য সরেজমিন সেবা নিশ্চিত করাই ছিল এসব ভবন তৈরির মূল উদ্দেশ্য। কিন্তু কোয়ার্টারগুলোতে পর্যাপ্ত জায়গার অভাব, প্রত্যন্ত অঞ্চলে ভাল শিক্ষা প্রতিষ্ঠান না থাকা, গ্রামে বিদ্যুত্ সংযোগ না থাকায় ব্লক সুপারভাইজাররা কোয়ার্টার ছেড়ে উপজেলা সদরে বসবাস করছে। ধামেরহাট বাজার বিএস কোয়ার্টারের সীমানা প্রাচীর, রান্নাঘর এবং বাথরুম খালে ধসে পড়ছে। ভবনটির অপর ইউনিট স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার দখলে। থানাঘাট বিএস কোয়ার্টারের সামনে দিয়ে বাজারের পানি নেমে যাওয়ায় দু’টি রুম ধসে গেছে। অন্য কোয়ার্টারগুলোতে গিয়ে একইরকম চিত্র দেখা গেছে। স্কুলশিক্ষক বলেন, রাত গভীর হওয়ার সাথে সাথে এক শ্রেণির নেশাখোর এখানকার পরিত্যক্ত বিএস ভবনে বিভিন্ন অপকর্ম করে। ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা শামছুজ্জামান খান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে।