সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাত খুন

সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল থেকে গতকাল বুধবার সকালে ফকির চান ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার বালুকুল গ্রামে নিহত ইব্রাহিমের বাড়ি। জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ১০ নং ব্রিজের নিচে খালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মধুখালী (ফরিদপুর) ফরিদপুরের মধুখালী উপজেলার মধুমতি নদীর সিতারামপুর উত্তরপাড় ঘাটে গত মঙ্গলবার অজ্ঞাত পরিচিত এক মহিলার লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। পুলিশের ধারণা, ৪/৫ দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হতে পারে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন। থানায় নিয়মিত মামলা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) সীতাকুণ্ডের মাদামবিবিরহাট জাহানাবাদ নেভী গেট এলাকায় গত মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় (২৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সীতাকুণ্ড মডেল থানার এস আই মেজবাহ বলেন, উদ্ধার হওয়া লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ এখানে ফেলে যায় হত্যাকারীরা। তালা (সাতক্ষীরা) তালার বারুইহাটী গ্রামে গত মঙ্গলবার তাছলিমা বেগম (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। জানা যায়, দু’বছর আগে বারুইহাটী গ্রামের সবেদ আলী সরদারের কন্যা তাছলিমা বেগমের সাথে বিয়ে হয় একই গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী ফজলুর রহমানের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ফজলু তার স্ত্রীকে নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী ফজলুর রহমান গা ঢাকা দিয়েছে। লালপুর (নাটোর) লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামে গত মঙ্গলবার আম বাগান থেকে সায়েত আলী সরকারের পুত্র আলতাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, সোমবার রাতে পাশের বাজার থেকে বাড়ি ফেরার সময় কে বা কারা আলতাফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আম বাগানে ফেলে রাখে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাহেমা খাতুন বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) ফুলবাড়িয়া উপজেলার বরুকা দক্ষিণপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে খোদেজা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছেলের শাশুড়ী রাশিদা খাতুনকে গ্রেফতার করেছে। জানা যায়, বরুকা দক্ষিণপাড়া গ্রামের আবুল কালামের পুত্র ছাইদুর রহমানের (২০) সাথে একই এলাকার ছাইফুল ইসলামের মেয়ে তানিয়ার (১৯) সাথে ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বউ ও শাশুড়ীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঘটনার দিন খোদেজার স্বামী আবুল কালাম ও পুত্র ছাইদুর রহমান উপজেলার শিবগঞ্জ গ্রামে গরু কিনতে গেলে একা পেয়ে খোদেজাকে দুর্বৃত্তরা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। নিহতের বোন মুর্শিদা খাতুন জানান, তার বোনের কোন শত্রু নেই। ছেলের বৌ নিয়ে ঝগড়ার জের ধরেই তার বোনকে খুন করা হয়েছে। ঝিনাইগাতী (শেরপুর) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীবাটা গ্রামে গত মঙ্গলবার রাতে স্বামীর নির্যাতনে আঞ্জুমানআরা (১৮) নামে কলেজ গৃহবধূ মারা গেছেন। আঞ্জুমানআরা গ্রামের দিনমজুর সৈয়দুর রহমানের কন্যা এবং শেরপুর সরকারি কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। জানা যায়, আঞ্জুমানআরা কলেজে পড়াশুনা করার সময় একই গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র শাহাদাত হোসেনের সাথে প্রেমের ঘটনা ঘটে। এক পর্যায়ে আঞ্জুমানআরা গর্ভবতী হয়ে পড়ে। সামাজিক চাপে তাকে বিয়ে করলেও যৌতুকের দাবিতে আঞ্জুমানআরাকে বিভিন্ন সময় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো। গত ২৬ অক্টোবর নির্যাতনের এক পর্যায়ে শাহাদাত আঞ্জুমানআরা’র গর্ভের সন্তান নষ্ট করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সকালে পুনরায় নির্যাতন করলে আঞ্জুমানআরা অজ্ঞান হয়ে পড়ে এবং এ সময় তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। প্রথমে ঝিনাইগাতী সদর ও পরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।