বগুড়া-৬ উপনির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জামান নিকেতা

আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এসএমটি জামান নিকেতা। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল রবিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় সর্বসম্মতিক্রমে তাকে এই মনোনয়ন দেওয়া হয়। এ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আটজন। তারা হলেন—জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু,   জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার, বিএমএ বগুড়া জেলার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু ও মহিলা আওয়ামী লীগের নেত্রী তাহমিনা জামান। এ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়।

এদিকে গতকালের বৈঠকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. আশরাফুল আলম সরকার, নাটোরের নলডাঙ্গায় মো. আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মতিন চৌধুরী, বরগুনার তালতলীতে মো. রেজবি-উল-কবির, পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো. দেলোয়ার হোসেন, গাজীপুর সদরে রীনা পারভীন, নারায়ণগঞ্জ বন্দরে এমএ রশিদ, মাদারীপুর সদরে কাজল কৃষ্ণ দে, রাজবাড়ীর কালুখালীতে কাজী সাইফুল ইসলাম, শেরপুরের নকলায় মো. শফিকুল ইসলাম জিন্নাহ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. তানভীর ভূঞা, বাঞ্ছারামপুরে মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদরে মো. আমিনুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণে গোলাম সারওয়ার, নোয়াখালী সদরে একেএম শামছুদ্দীন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।