নেত্রকোনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৪৭
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ জেলার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর গ্রামের আবুল কাশেম নামের এক গৃহ শ্রমিককে হত্যার অভিযোগে ৫৬ জন আসামির মধ্যে দুই ভাইসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ২ বছর করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া একই মামলায় আরো ৫০ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে সশ্রম কারাদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ ৭ বছর মামলা চলার পর গতকাল বুধবার এই রায় প্রদান করা হয়। রায়ের সময় ৫ জন ব্যতীত সকল আসামিই কাঠগড়ায় উপস্থিত ছিল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন:মজিবর রহমান, রতন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর এবং শাহজাহান। এর মধ্যে জাহাঙ্গীর পলাতক। জানা গেছে, মোহনগঞ্জের সুয়াইর গ্রামের নুরুল হক চৌধুরীর সাথে একই গ্রামের মজিবর রহমান গংদের পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে ২০০৫ সালের ৫ মে মজিবর রহমান তার দলবলসহ ৬০/৭০ জন লোক নুরুল হকের বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় এবং ঘেরাও করে। এসময় বাড়ির গৃহ শ্রমিক বাধা দিলে তাকে হত্যা করা হয়। ঐদিনই নুরুল হক বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করে।