গাইবান্ধায় কলেজ অধ্যক্ষ সাসপেন্ড
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৪৮
গত ২০১০-২০১১ শিক্ষাবর্ষে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত ৮৮ জন শিক্ষার্থীকে উেকাচের বিনিময়ে ভর্তির অভিযোগে গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি সাতক্ষিরা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় দুদক চার্জশিট দাখিল করলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী বরখাস্ত আদেশে স্বাক্ষর করেন। ২২ অক্টোবর স্বাক্ষরিত আদেশে ২১ চাকুরি হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এর আগে গত ৭ ও ৮ অক্টোবর একই অভিযোগে গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও বর্তমানে দিনাজপুর সরকারি মহিলা কলেজে কর্মরত মোঃ আব্দুর রশীদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক বর্তমানে ঈশ্বরদী সরকারি কলেজে কর্মরত মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বর্তমানে গাইবান্ধা সরকারি মহিলা কলেজে কর্মরত এ.এস.এম আশাদুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বর্তমানে রংপুর সরকারি কলেজে কর্মরত মোঃ শহীদুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক বর্তমানে কুমুদিনি সরকারি কলেজ টাঙ্গাইলে কর্মরত বৃন্দাবন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়।