সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৫০
মুরাদনগরে পুলিশি হয়রানির প্রতিবাদে ছাত্রদলের মিছিল
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ জেলা ছাত্রদল সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনকে পুলিশি হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা ছাত্রদল। গত মঙ্গলবার কায়কোবাদ এমপির বাসভবন থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক ওমর ফরুক সোহাগ, স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা, কায়কোবাদ ফোরাম সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শিরাজ মুন্সী, কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি মো. ডালিম, সিনিয়র সহ-সভাপতি সোহাগ আহাম্মদ রিয়াদ প্রমুখ।
ভালুকা প্রেসক্লাবে এক্সপেরিয়েন্স গ্রুপের অনুদান
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা প্রেসক্লাবের উন্নয়ন তহবিলে একলাখ টাকার অনুদানের চেক প্রদান করেছেন এক্সপেরিয়েন্স গ্রুপের চেয়ারম্যান মাকসুদ আহম্মেদ। গত মঙ্গলবার ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালের হাতে ওই চেক তুলে দেন এক্সপেরিয়েন্স গ্রুপের চেয়ারম্যান মাকসুদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন এক্সপেরিয়েন্স গ্রুপের জেনারেল ম্যানেজার আরিফ এম খালিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মালেক খান উজ্জল, প্রেসক্লাব সদস্য আব্দুল আওয়াল ঢালী, কামরুজ্জামান মানিক, মোখলেছুর রহমান মনির, কামরুল এহসান চন্দন, আলী আকবর সাজু প্রমুখ।
মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার তোরণে আগুন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এমএর জামিল হোসাইনের নৌকার পক্ষের সমর্থনের নির্মিত তোরণ ও ব্যানারে অগ্নিসংযোগের প্রতিবাদে গত মঙ্গলবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বঙ্গবন্ধু যুব সেন্টারের সভাপতি মহিউদ্দিন হাওলাদার রাসেল। বক্তব্য রাখেন উপজেলা যুব সেন্টারের সাধারণ সম্পাদক রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক কবির শেখ, বলইবুনিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক দীলিপ মজুমদার প্রমুখ।
সন্ত্রাসী হামলায় তালা বিএনপি’র সেক্রেটারি আহত
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গত মঙ্গলবার সকালে তালা উপশহরে হরতাল-বিরোধী মিছিল করে বিএনপি। মিছিলটি তালা সরকারি কলেজের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম (৪৮)। এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপি। তবে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে হামলার ঘটনা অস্বীকার করে বলা হয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপির উচ্ছৃংখল কর্মীরা উক্ত হামলা চালিয়েছে।
কিশোরগঞ্জে বিশ্ব সাদা ছড়ি দিবস পালন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ ‘সাদা ছড়ি বাড়ায় নিরাপত্তা, দেখায় পথ’- এই প্রতিপাদ্যকে তুলে ধরে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গত মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপ-পরিচালক মো. আজহার আলী মিঞার সভাপতিত্বে আয়োজিত এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মৃণাল কান্তি পণ্ডিত, ইঞ্জিনিয়ার তোজাম্মেল হক, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ডা. মহিউদ্দিন আহমদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
মাদারীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত
মাদারীপুর প্রতিনিধি \ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়। এ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবা অফিসার ফজলুল হক ছলাকার। আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার দীপংকর কর, সমাজসেবা সমন্বয় পরিষদ সভাপতি শাহজাহান খান, উপ-তত্ত্বাবধায়ক আব্বাসউদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসার বাদল আহমেদ, সমাজসেবা কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মাওলা প্রমুখ।
গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ব্র্যাক ওয়াশের উদ্যোগে গত মঙ্গলবার জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ‘আমার হাতেই-আমার সুস্বাস্থ্য’ শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছিরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুমারী খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ, ভারপ্রাপ্ত সিনিয়র মত্স্য কর্মকর্তা দৌলতউল্লাহ মুরাদ।
সৈয়দপুর টেকনিক্যাল কলেজে বোমা আতঙ্ক !
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের মূল ফটক থেকে তিনটি বোমা সদৃশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এই বোমা উদ্ধার করে পুলিশ। জানা যায়, কলেজের নৈশপ্রহরী কলেজের মূল ফটকে তা দেখতে পায়। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেয়ে বোমা ভেবে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই সব বস্তু উদ্ধার করে। সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান জানান, উদ্ধারকৃত বস্তু আসলে বোমা নয়। বোমা সদৃশ কোন বস্তুকে লাল কসটেপ দিয়ে মোড়ানো হয়েছে।
নান্দাইল উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন হয়েছে। নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া সোহেল গত সোমবার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানান। ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহাম্মদ দিনার, প্রচার সম্পাদক মোঃ শাহ্ আলম ফকির,অর্থবিষয়ক সম্পাদক মোঃ তানভীর আহম্মেদ রাব্বি প্রমুখ রয়েছেন।
কোটালীপাড়ায় যৌতুক প্রতিরোধে সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থা কর্তৃক পরিচালিত নারীর প্রতি পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচির আয়োজনে যৌতুক প্রতিরোধে পুলিশ অফিসার ও গ্রুপ সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ অফিসার এসআই তোতা মিয়া, এসআই মোঃ খসরুজ্জামান, জাগরণী সংস্থার প্রজেক্ট অফিসার গৌরাঙ্গ লাল দাস, মধ্যহরিণাহাটি স্বেচ্ছাসেবী গ্রুপের সভাপতি যতিন্দ্রনাথ বৈদ্য, সম্পাদিকা আলেয়া বেগম, প্রজেক্ট ফেসিলিটেটর সঞ্চিতা মন্ডল বক্তব্য রাখেন।
বাগমারায় জাতীয় স্যানিটেশন দিবস পালিত
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে গত মঙ্গলবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ও টাস্কফোর্স কমিটির উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগমারার প্রকাশ চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ড.সামস-ই-তাবরিজ, খাদ্য কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহীনুর ইসলাম, বেসরকারি সংস্থা ভার্কের সমন্বয়ক রিপন কুমার সাহা প্রমুখ।
চরভদ্রাসনে জাতীয় স্যানিটেশন বিষয়ক র্যালি
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়। “আমার হাতেই আমার স্বাস্থ্য”— এই স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস বেগ নান্নু ,একেকে প্রোগ্রাম সমন্বয়ক এস.এম.কুদ্দুছ মোল্যা ও এনজিওর বিভিন্ন কর্মকর্তা ।
দুর্গাপুরে সিপিবির জনসভা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে দুই জোটের বাইরে বাম বিকল্প বলয় গড়ে তোলার লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। সিপিবি উপজেলা সভাপতি ডাঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মনিসিংহের একমাত্র সন্তান সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা কমিটির সদস্য সাবেক দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল্ল¬াহ হক, মহিলা পরিষদ নেত্রী হেনা বেগম প্রমুখ।
সুজানগরে ট্যাক্স মেলা অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ সরকারের রাজস্ব আয় বৃদ্ধি তথা জনসাধারণকে ট্যাক্স প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গতকাল বুধবার পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় এসডিএলজি প্রকল্পের আওতায় এবং ইউএসএআইডি’র অর্থায়নে এক ট্যাক্স মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান। এতে বক্তব্য রাখেন ইউপি সচিব আব্দুল আওয়াল, ইউপি সদস্য হবিবর রহমান, আব্দুস সাত্তার, ফজলুল হক টিটু, রাজিয়া আক্তার ও পি,ও ফারুক হোসেন। এর আগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে অনেকে ট্যাক্স প্রদান করেন।
লোহাগড়ায় সাংবাদিককে কুপিয়ে আহত
লোহাগড়া (নড়াইল ) সংবাদদাতা \ যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি খায়রুজ্জামান আলমকে (৩৫) গ্রাম্য দলীয় কোন্দলের কারণে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় প্রথমে লোহাগড়ায় পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । জানা গেছে, গতকাল বুধবার তিনি বাড়ি থেকে লোহাগড়া আসার পথে বাটপাড়া নামক স্থানে পৌঁছলে ৭-৮জন চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে খুলনা মেডিক্যল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে ।
শিক্ষক সংকট নিরসনে কোটালীপাড়ায় মানববন্ধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনের জন্য মানববন্ধন করেছে অধ্যয়নরত শিক্ষার্থীরা। গতকাল বুধবার কলেজ গেটে শিক্ষর্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় কলেজটির সাবেক ভিপি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, বর্তমান ভিপি নাজমুল সরদার চপল,সাবেক জিএস স্বপন তালুকদার, এজিএস অপূর্ব রায় অপু ও ছাত্রনেতা আলীউজ্জামান জামির বক্তব্য রাখেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদার নামে প্রতিষ্ঠিত এই কলেজটিতে বর্তমানে ১৩জন শিক্ষকের পদ শূন্য রয়েছে।
তালায় ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল বুধবার সকালে ব্র্যাকের সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়া ব্লকের আওতায় আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার মোঃ সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন খেশরা ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আল মামুন হাওলাদার, তালা উপজেলা ব্যবস্থাপক চন্দ্র শেখর মণ্ডল,স্থানীয় ইউপি সদস্য রাশেদ সানা প্রমুখ।
রাজাপুরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুরের আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে স্থানীয় অনলাইন সেবা প্রতিষ্ঠান গ্লোবাল নেট। গত মঙ্গলবার গ্লোবাল নেটের পরিচালক ইত্তেফাক সংবাদদাতা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ জাহিদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ হেমায়েতউদ্দিন সেলিম ও রাজাপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল বারেক ফরাজী। এবছর এইচএসসিতে জিপিএ-৫ এবং ডিগ্রী পরীক্ষায় প্রথম বিভাগপ্রাপ্ত ৩০ জন ছাত্রীকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বড়াইগ্রামে কারিতাসের মাঠ দিবস পালন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে উপজেলার বালিয়া গ্রামে ‘মাটির পানি ধারণক্ষমতা ও উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন জৈব ও অজৈব উপাদানের সংমিশ্রণের কার্যকারিতা যাচাই’ বিষয়ক কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। কারিতাস সাফবিন প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে। গতকাল বুধবার বালিয়া গ্রামে স্থানীয় কৃষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোনাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও কারিতাস সাফবিন প্রকল্পের জেলা কর্মকর্তা একরামুল হক।
কালকিনির সংঘর্ষে ২০টি ককটেল বিস্ফোরণ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খান ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া সিকদারের সমর্থক নাসির খাঁ ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদারের সমর্থক ওয়াজেদ সরদারের পক্ষের মধ্যে সংঘর্ষে দফায় দফায় ২০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। গতকাল বুধবার ভোরে ইউনিয়নের মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙা গ্রামের শাহ আলম চোকদারকে (৫০) বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সমর্থক নাসির খাঁর গ্রুপকে কুপিয়ে জখম করে। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি
রাজশাহী অফিস \ ব্যাপক অনিয়ম ও দুর্নীতিসহ অসত্ উদ্দেশ্য হাসিলের লক্ষে রুয়েটের রেজিষ্ট্রার প্রকৌশলী আবুল বাসারকে জোরপূর্বক চাকরিচ্যুত এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত একজন শিক্ষককে উক্ত পদের দায়িত্ব দেয়া হয়েছে বলে রুয়েট শাখা ছাত্রদলের আহবায়ক আহমদ হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে। মঙ্গলবার প্রদত্ত বিবৃতিতে রেজিষ্ট্রারকে চাকরিচ্যুতির ঘটনায় রুয়েট শাখা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার দুপুরে তাকে জোরপূর্বক পদত্যাগ করিয়ে রেজিষ্ট্রার হিসেবে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. আশরাফুল আলমকে দায়িত্ব দেয়া হয়। ড. আশরাফুল আলম একাধারে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং পরিকল্পনা ও সম্প্রসারণ বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ড. আশরাফুল আলমকে ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং শহীদ লেঃ সেলিম হলের প্রভোষ্টের দায়িত্ব দেয়া হয়। সে সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে তাকে হল প্রভোষ্টের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
দুর্গাপুরে ইউএনওর বিরুদ্ধে জিডি
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কর্তন করায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত বাবুল। জানা যায়, ইউএনও বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কোন রকম অনুমোদন ছাড়াই কর্তন করে হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভ্যান গাড়ি প্রকল্পের কাজে ব্যবহার করছেন। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান বাদি হয়ে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ইউএনও সাইফুল ইসলাম-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরকারি বিধি অনুযায়ী কাজ করেছি।
ভূঞাপুরে আওয়ামী লীগের লগি-বৈঠা মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের তৃতীয় দিনে গত মঙ্গলবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসীতে হরতাল-বিরোধী লগি-বৈঠা মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলটি বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইকরামউদ্দিন তারা মৃধা, যুগ্ম সম্পাদক সুরুজ্জামান প্রমুখ।
হোসেনপুরের স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৪ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন— মাধ্যমিক শাখায় মো:ইব্রাহিম খলিল সোহাগ, মো:জালাল উদ্দিন ও প্রাথমিক শাখায় মো:সিরাজ উদ্দিন, মো:মোস্তাফিজুর রহমান মোবারিছ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াছমিন নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
দামুড়হুদায় বীমা ও চিকিত্সা সহায়তা প্রদান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদার দর্শনা আশা ব্রাঞ্চে নগদ ১ লক্ষ ৮৩ হাজার টাকা, বীমা ও চিকিত্সা সহায়তা প্রদান করেছে। গতকাল বুধবার দর্শনা পুরাতন বাজার ২নং আশা ব্রাঞ্চের কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র শরীফ উদ্দীন, আশার চুয়াডাঙ্গা ডি,এম নাছির উদ্দীন, জীবননগর এরিয়া ম্যানেজার সোহেল আহম্মেদ, ব্রাঞ্চ ম্যানেজার আমীর হোসেন প্রমুখ।
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ শিক্ষিকা সেলিনা আকতার
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার ২০১৩ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক জেলা বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করে। তিনি ২০১০, ২০১১ এবং ২০১২ সালেও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। এ বছরসহ তিনি ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ এবং ২০১২ সালও রামগতি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
মেহেরপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেভ দি চিলড্রেন মেহেরপুর জেলা অফিস। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল ইসলাম, সেভ দি চিলড্রেন মেহেরপুর জেলা ব্যবস্থাপক ফারুক হোসেনসহ ক্ষতিগ্রস্তরা।
মহেশপুরে এনজিও সমন্বয় কমিটির সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মহেশপুর এনজিওদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এনজিওদের বিভিন্ন কর্মকাণ্ড কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন,সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান, ঢাকা আহসানিয়া মিশনের প্রতিনিধি কামরুজ্জামান, ব্রাকের প্রতিনিধি আনন্দ কুমার প্রমুখ।
বঙ্গবন্ধু সেতুতে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাড়ি চালক নিহত
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ বঙ্গবন্ধু সেতুর দু’পাড়ে সংস্কার কাজ দেখতে গিয়ে গত বুধবার দুপুরে বাসের ধাক্কায় আলমগীর হোসেন নামে সেতু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাড়িচালক মারা গেছেন। প্রধান প্রকৌশলী মোজাম্মেল হকের গাড়ির চালক ছিল সে। তার বাড়ী ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামে। সেতু সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে চলা সংস্কার কাজ দেখার জন্য সেখানে যান সেতু সংশ্লিষ্টরা। তাদের আনতে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীর ব্যবহূত পাজেরো গাড়ি নিয়ে সেতুর উপর যায়। সেতুর উপর ১৪ নং পিলারের কাছে গিয়ে গাড়ি থামিয়ে চাকা চেক করতে নামে আলমগীর। এ সময় পিছন দিক থেকে আসা একটি বাস পাজেরোসহ তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে আলমগীর মারা যান।
সিরাজদিখানের জমি বিরোধের সংঘর্ষে আহত ৪
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান তাজপুর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৪ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত রফিকুল ইসলাম ও সোহাগকে ঢাকা মিটফোর্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। উপজেলার তাজপুর গ্রামে লীজ জমি নিয়ে রফিকুল ইসলাম ও পাইলট বেপারীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংষর্ষ বেধে যায়। এতে দেশি অস্ত্রশস্ত্র ও ছুড়ির আঘাতে রফিকুল ইসলাম, সোহাগ ও পাইলট বেপারীসহ ৪ ব্যক্তি আহত হয়। সিরাজদিখান থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।
বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালন
বাগেরহাট প্রতিনিধি \ “সাদাছড়ি, বাড়ায় নিরাপত্তা, দেখায় পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বাগেরহাটে “বিশ্ব সাদাছড়ি দিবস-১৩” উদ্যাপন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর র্যালি ও পরে এক আলোচনা সভার আয়োজন করে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলী। জেলা সমাজসেবা কর্মকর্তা মো: রুহুল আমীন শেখ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাবুিল হক খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।
মুন্সীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ হরতালের প্রথমদিন মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদিখানে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাটসহ দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। গত সোমবার জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রথম যুগ্ন-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু প্রমুখ।
বদরগঞ্জে স্পিড ব্রেকারের দাবিতে গণস্বাক্ষর
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের বদরগঞ্জ পৌর শহরের জীতেন দত্ত বিজয় মঞ্চ মোড়ে স্পিড ব্রেকার বসানোর জন্য গণস্বাক্ষর করেছে এলাকাবাসী। রংপুর জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত এক আবেদনে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাক্ষর করেছেন। জানা যায়, বদরগঞ্জ উপজেলা শহরে বাইবাস সড়ক না থাকায় পৌর শহরের ভিতর দিয়ে বাস-ট্রাকসহ সেনাবাহিনীর ভারি যানবাহন চলাচল করে। ফলে জীতেন দত্ত মোড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম সাহা বলেন, জীতেন দত্ত মোড় চলাচলের জন্য খুবই বিপজ্জনক। কিন্তু রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ার কারণে আমার কিছু করার নেই।