তালেবানকে আলোচনায় বসার ফের আহ্বান নওয়াজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আফগান তালেবানকে কাবুল সমর্থিত সরাসরি শান্তি আলোচনায় অংশগ্রহণের আবারো আহবান জানিয়েছেন। এ অঞ্চলে যুদ্ধের ভয়াবহতা রুখতে বৃহত্তর স্বার্থে তিনি এ আহবান জানিয়েছেন। মঙ্গলবার লন্ডনে ত্রিদেশীয় সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকের পরই নওয়াজ সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার অংশ হোক তালেবান। আমরা মনে করি তাদেরকে (তালেবান) সর্বোচ্চ শান্তি পরিষদের সঙ্গে আলোচনা করা উচিত। কেননা এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে এ পদক্ষেপের কোন বিকল্প নেই। তাই শান্তি আলোচনা সফল করতে তাদেরকেও আলোচনার একটি দিক হিসাবে অবশ্যই গণ্য করতে হবে। নওয়াজ শরিফ এ নিয়ে দুইবার আফগান তালেবানকে শান্তি আলোচনায় বসার আহবান জানালেন। এর আগে তালেবান আফগান সরকারের সঙ্গে কোন শান্তি আলোচনায় বসার অস্বীকৃতি জানিয়েছিল। তাদের বক্তব্য, কাবুলের এ ধরনের আহবান জানানোর কোন অধিকার নেই। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও এর আগে এ ধরনের আহবান জানিয়েছিলেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অনুরোধের প্রেক্ষিতে গিলানি ওই আহবান জানিয়েছিলেন। আফগান সরকার এবং তার পশ্চিমা মিত্র বিশ্বাস করে, ইসলামবাদ এ শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেননা তাদের ধারণা, তালেবানের ওপর পাকিস্তানের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই পাকিস্তানের তরফ থেকে কোন আহবান জানানো হলে সেটা ইতিবাচক ভূমিকা পালন করবে। তারই ধারাবাহিকতায় কারজাই’র অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান তাদের দেশে আটক ৩৩ জন তালেবানকে এ বছর মুক্তি দিয়েছে।