এক পরীক্ষায় সাত ধরনের স্তন ক্যান্সার নির্ণয়

একটি পরীক্ষার মাধ্যমেই সাত ধরনের স্তন ক্যান্সার চিহ্নিত করা যাবে। আগামী দুই বছরের ভেতর পরীক্ষাটি সহজলভ্য হবে এবং সবাই এর সুবিধা ভোগ করতে পারবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ক্যান্সার বিষয়ক ব্রিটিশ জার্নাল পত্রিকার একটি প্রতিবেদনে নটিংহাম বিশ্ববিদ্যারয়ের গবেষকরা বলেছেন, এর ফলে চিকিত্সকরা আরো ভালভাবে চিকিত্সা করতে পারবেন এবং এ রোগে বেঁচে যাওয়ার সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে যাবে। গত বছর রোগীদের জীনগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে দশ ধরনের স্তন ক্যান্সার আবিষ্কার করে গবেষকরা। তবে জীনগত সার্বিক বৈশিষ্ট্য ব্যবহার করে এগুলো করা হয়েছে বলে এ চিকিত্সা অধিকাংশ রোগীর জন্য অনেক ব্যয়বহুল ও অবাস্তব। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের এন্ডি গ্রিন পরিচালিত একটি দল এই পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে শরীরের ১০টি প্রোটিন খুঁজে বের করার মধ্য দিয়ে সাত ধরনের স্তন ক্যান্সার সনাক্ত করা সম্ভব। স্তন ক্যান্সার প্রচারণার প্রধান নির্বাহী ব্যারোনেস ডেলিথ মরগান বলেছেন, নতুন এই পরীক্ষা নির্দিষ্ট রোগের সঠিক ওষুধ তৈরির ক্ষেত্রে একটি বাস্তবমুখী পদক্ষেপ। আশা করছি, যুক্তরাজ্যে প্রতিবছর ৫০ হাজার নারী নির্দিষ্ট স্তন ক্যান্সারটি নির্ণয় করতে পারবে।