সংবাদ কণিকা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৫৪
অস্ট্রেলিয়ায় নতুন তিন প্রাণী
অস্ট্রেলিয়ায় নতুন তিনটি প্রজাতির প্রাণী আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের কেপ মেলভিল জাতীয় উদ্যানের অনন্য পাথুরে বৃষ্টিবনের মধ্যে লাখ লাখ বছর ধরে গ্রানাইট বোল্ডারে স্তূপের ঘেরের মধ্যে এসব প্রাণী নিরাপদে টিকে আছে। এলাকাটি অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেন থেকে ১৫শ’ কিলোমিটার উত্তরে। নতুন এই তিনটি প্রাণীর একটি হলো পাতা-লেজি গ্যাকো (এক ধরনের গিরগিটি), আরেকটি সোনালি স্কিন্ক (আরেক ধরনের গিরগিটি) ও অপরটি বোল্ডারে চড়ে বেড়ানো ব্যাঙ। —রয়টার্স
ইরানে বাহার পত্রিকা নিষিদ্ধ
ইরানের গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা দেশটির একটি সংস্কারবাদী পত্রিকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিয়া মুসলিমদের ধর্মবিশ্বাস সম্পর্কে প্রশ্ন তোলার অভিযোগে পত্রিকাটির ওপর এই খড়গ নেমে আসে। ইরানের সংবাদমাধ্যম পর্যবেক্ষণ বোর্ডের জারি করা নিষেধাজ্ঞায় বাহার সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছে এবং সংবাদপত্রটির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বিচার বিভাগে পাঠানো হয়েছে।— ডন অন লাইন
সিরিয়ায় পোলিওর প্রাদুর্ভাব
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শিশুদের মধ্যে পোলিও দেখা দিয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা ‘ডব্লিউএইচও’। ১৪ বছরের মধ্যে সিরিয়ায় পোলিও’র প্রাদুর্ভাব এই প্রথম। পোলিও ধরা পড়া ২২ জনের বেশিরভাগই ছোট শিশু। এছাড়া আরো ১২ শিশুর পোলিও সংক্রমণ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি। রোগটি দেশের ভিতরে-বাইরে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলেও সতর্ক করেছে ডব্লিউএইচও। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর আগে ৯৫ শতাংশ শিশুকেই পোলিও’র টিকা দেয়া হয়েছিল। কিন্তু গৃহযুদ্ধের কারণে টিকাদান কর্মসূচিতে ভাটা পড়ে। —রয়টার্স
আলোকচিত্রী লুইসের পদক লাভ
কলাম্বিয়ায় ২০১২ সালে আদিবাসী বিদ্রোহের উপর তোলা ছবির জন্যে মর্যাদাপূর্ণ পদক পেলেন এএফপি’র আলোকচিত্রী লুইস রোবায়ো। মঙ্গলবার পুরস্কার সমন্বয়ক কমিটি জানায়, রোবায়ো (৩১) কালি নগরীর বাসিন্দা। নিরস্ত্র আদিবাসীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ককা বিভাগের টোরিবো শহরের সেনা চৌকি থেকে জোরপূর্বক বের করে দেয়ার পর ক্রন্দনরত এক সাজেন্টের তিনটি ছবির জন্যে তিনি এ পদক পান। রোবায়া প্রাপ্ত ‘দ্য সিমন বলিভার আলোকচিত্র পুরস্কার’ পদকটি আলোকচিত্রের ক্ষেত্রে কলাম্বিয়ার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। —এএফপি