মাইক্রোসফট বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ

শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট বাংলাদেশে প্রথমবারের মত অ্যাপ-প্রস্তুতকারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি করেছে। কম্পিউটার বিজ্ঞান বা সমতুল্য পর্যায়ের দেশিয় শিক্ষার্থীদের উইন্ডোজ ফোন ও উইন্ডোজ ৮ নিরীক্ষামূলক অ্যাপ তৈরির অভিজ্ঞতা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব বলেন, ‘উইন্ডোজ ফোন ও উইন্ডোজ ৮-উদ্ভাবনী সমাধান তৈরিতে এসব আধুনিক প্ল্যাটফর্মের স্বাদ স্থানীয় কারিগরি শিক্ষার্থীদের দেওয়ার জন্যই ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হয়েছে। কিছু নির্বাচিত দেশিয় বিষয়ের আন্তর্জাতিক মানের সমাধান অ্যাপের মাধ্যমে তৈরিই এই কার্যক্রমের মূল লক্ষ্য।’ উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই মাইক্রোসফট বাংলাদেশে কারিগরি শিক্ষার্থীদের বিনামূল্যে সফটওয়্যার এবং প্রশিক্ষণ দিয়ে থাকে এবং ইমাজিন কাপের মতো আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা স্থানীয়ভাবে আয়োজন করে থাকে। মাইক্রোসফটের ইন্টার্নশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন http://aka.ms/intern।