স্টার সিনেপ্লেক্সে ‘রিড্ডিক’
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০০
যু্ক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পর এবার ঢাকার দর্শকদের মাতাতে আসছে ভিন ডিজেল অভিনীত ব্লকবাস্টার ছবি ‘রিড্ডিক’। আগামীকাল ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাওয়া এ ছবি যেমন দর্শকদের মন জয় করেছে তেমনি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। তিন কোটি ৮০ লাখ ডলার বাজেটের ছবিটি মুক্তির প্রথম তিনদিনের মধ্যেই আয় করেছে এক কোটি ৮০ লাখ ডলার। লাগাতার তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষে থাকার পর ‘দ্য বাটলার’কে টেক্কা দিয়ে ‘রিড্ডিক’ আয় করেছে সাত কোটি ৩০ লাখ ডলার, যেখানে ‘দ্য বাটলার’-এর আয় ছিল দুই কোটি ৪৩ লাখ ডলার। সায়েন্স ফিকশন সিরিজ ‘দ্য ক্রনিকলস অব রিড্ডিক’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০০০ সালে, যার নাম ছিল ‘পিচ ব্ল্যাক’। আর এই সিরিজের তিনটি সিনেমাতেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল। অভিনয়ের পাশাপাশি এ ছবিতে অর্থলগ্নিও করেছেন তিনি। এজন্য তাকে বাড়ি বন্ধক রাখার ঝুঁকিও নিতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যদি এ ছবির কাজ শেষ করতে না পারতাম তাহলে আমার বাড়িটি খোয়া যেত এবং আমি ছিন্নমূলে পরিণত হতাম।’