ব্যাংকের বিনিয়োগে শর্ত শিথিল

শেয়ারবাজারে বড় উত্থান

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগে শর্ত শিথিল করায় বড় ধরনের উত্থান হয়েছে। গতকাল রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক-ডিএসইএক্স ১০৪ পয়েন্ট বেড়েছে। আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স বেড়েছে ১৮৪ পয়েন্ট। গত বৃহস্পতিবার ব্যাংকের এক্সপোজারে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে পুঁজিবাজারের বাইরে থাকা নির্ধারিত কয়েকটি খাতের প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলেও পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসেবে গণ্য করা হবে না। ফলে ব্যাংকগুলো সমপরিমাণ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। প্রজ্ঞাপন জারির পর গতকাল রবিবারই ছিল প্রথম কার্যদিবস। লেনদেনের শুরুতেই মূল্যসূচক বড় উত্থানের আভাস দেয়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় বড় উত্থান হয়। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে উঠে আসে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৯ পয়েন্টে দাঁড়ায়।

মূল্যসূচকে উত্থানের দিনে ডিএসইতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার পাঁচগুণের বেশি। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৮টির। মূল্যসূচক ও সিংহভাগ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ৪৪৩ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবসে ছিল ২৯০ কোটি ৬৮ লাখ টাকার। লেনদেন বেড়েছে ১৫২ কোটি ৮৭ লাখ টাকা। ডিএসইএতে টাকার হিসাবে সবচেয়ে বেশি     লেনদেন হয়েছে ফরচুন স্যুজের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন করে দ্বিতীয় স্থানে আইএফআইসি ব্যাংক এবং ১২ কোটি ১১ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে এক্সিম ব্যাংক। অন্যদিকে সিএসই’র সার্বিক সূচক সিএসসিএক্স ১৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭১ পয়েন্টে। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৪ লাখ টাকার। লেনদেনে অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।