ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০৬
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ জয়ের পর আজ দ্বিতীয়টিতে নামার আগে বেশ চাঙ্গা বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে তাই ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্যের কথাই জানালেন দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল জাতীয় দলের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে আসেন রিয়াদ। আগের রাতের জয় থেকে শুরু করে পরবর্তী করণীয় পর্যন্ত অনেক কিছু নিয়েই কথা বলেন তিনি যা এখানে তুলে ধরা হলো।
দারুণ এক ম্যাচ জিতলেন। দলের অবস্থা এখন কেমন?
সবাই খুব আত্মবিশ্বাসী। আগামীকাল আমরা ইতিবাচক ক্রিকেট খেলবো।
টিম কম্বিনেশনে কোন পরিবর্তন আসছে কি?
না। টিম কম্বিনেশন পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা আপাতত নেই। যে কম্বিনেশন নিয়ে খেলেছিলাম হয়তো সেই কম্বিনেশন নিয়ে খেলবো। কোনো পরিবর্তন হবে না। কাল যারা খেলেছিল তারাই খেলবে।
পাওয়ার প্লেতে রান না আসা বাংলাদেশের পুরনো সমস্যা। এই নিয়ে আপনাদের পরিকল্পনা কি?
পাওয়ার প্লে নিয়ে কথা হয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়ে খেলছিলাম সেটা বাস্তবায়ন করতে পারিনি। আশাকরি পরের ম্যাচগুলোতে করতে পারবো।
প্রথমে ব্যাট করলে কতো রানকে সেফ মনে হয়?
কাল আমি আর নাঈম যখন ব্যাট করছিলাম তখন আমাদের লক্ষ্য ছিল অন্তত ২৭৫ রান করা। তবে আমার কাছে মনে হয় না উইকেটটা এতো সহজ ছিল। সৌভাগ্যবশত নাঈম আর মুশফিক খুব ভালো ব্যাট করেছে। এবার আরও ভাল করার চেষ্টা থাকবে।
এখন কী হোয়াইট ওয়াশ করার চিন্তা কাজ করছে?
খেলার সময় এগুলো নিয়ে চিন্তা থাকে না। আমরা শুধু আগামী খেলাটা নিয়ে চিন্তা করছি। কালও একই অ্যাটিচিউড নিয়ে খেলার চেষ্টা করবো।
তখনকার নিউজিল্যান্ড, আর এখন যে দলটা খেলতে এসেছে তাদের মধ্যে কি মিল বা অমিল দেখছেন?
তাদের বেশ কিছু নতুন খেলোয়াড় এসেছে। কোরি অ্যান্ডারসন তারপর কাল গ্রান্ট এলিয়ট খুব ভালো খেলেছে। ওরা খুব ভালো দল। ওদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।
প্রথম ম্যাচে উইকেট কেমন দেখলেন? পেসাররা কি একটু বেশি সুবিধা পাচ্ছেন?
আমি যতক্ষণ ব্যাটিং করেছি আমার কাছে মনে হয়েছে পেসার জন্য একটু সহায়তা রয়েছে। স্পিনাররা তেমন আহামরি টার্ন পাননি, তবে পেসারদের জন একটু সহায়তা ছিল।
টেস্ট সিরিজে এক ম্যাচেও দলে ছিলেন না। ওয়ানডে সিরিজটা তাই আপনার জন্য বড় এক চ্যালেঞ্জ। কিছুটা কি চাপ অনুভব করছেন?
না আমার ওপর কোনো চাপ নেই। ব্যাটিং অর্ডার ঠিক আছে।
নিউজিল্যান্ডও শক্তভাবে ফিরে আসবে বলে আশঙ্কা করছেন?
দে উইল কাম হার্ড; সেটাও আমরা চিন্তা করছি। কালকেই (আজ) ওরা হয়তো বা খুব স্ট্রংলি আসবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা খুব ইতিবাচক আর আক্রমণাত্মক ভাবে এটা সামাল দিতে চাই।
নিউজিল্যান্ডকে কী একটু সহজ দল বলে মনে হচ্ছে?
আমরা নিজেদের সেরাটা খেলছি বলে ওরা সেরা ক্রিকেটটা খেলতে পারছে না। আমরা চেষ্টা করে যাব যেন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি।