দলবদল আরো পনের দিন বাড়ালো

শেষ পর্যন্ত পেশাদার ফুটবল লিগের খেলোয়াড় দলবদলের সময় আরো বাড়ানো হলো। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দলবদল তথা খেলোয়াড় রেজিষ্ট্রেশনের সময় বাড়িয়েছে বাফুফের লিগ কমিটি। আজ ৩১ অক্টোবর ছিল দলবদলের শেষ দিন। কিন্তু পেশাদার লিগের ক্লাবগুলো সময় বাড়াতে আবেদন করলে দেশের বিরাজমান পরিস্থিতির কথা বিবেচনা করে লিগ কমিটি সেটা ১৫ দিন বাড়িয়েছে। গতকাল বিকালে বাফুফে ভবনে সভাপতির কাজী সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত লিগ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এসময় তার পাশে ছিলেন লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহীমসহ অন্যান্য কর্মকর্তারা। লিগ কমিটির সভায় মোহামেডানের লোকমান হোসেন , আবাহনীর কাজী নাবিল, শেখ জামালের মঞ্জুর কাদের, শেখ রাসেলের নুরুল আলম চৌধুরী, বিজেএমসির আরিফ খান জয়সহ ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী এবং ফেনীর সকার ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার নিয়ে তৃতীয় বার খেলোয়াড় দলবদলের সময় বৃদ্ধি করা হলো। ক্লাবগুলো আবেদন করেছে তারা সময় বাড়াতে চায়। তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে লিগ কমিটি সময় বাড়িয়েছে। কিন্তু ১৫ দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে কিনা সে প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, আমরা তো প্রত্যাশা করি দেশের সার্বিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। তারপরও প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর কাছে আমাদের আবেদন থাকবে ফুটবল খেলাটা যেন তাদের কর্মসূচির বাইরে রাখেন।’ সালাম মুর্শেদী যে কথাই বলুন কেন, ১৫ নভেম্বরের মধ্যে সব খেলোয়াড় রেজিষ্ট্রেশন করাবে কিনা। তিনি বলেছেন, হবে। এই সময়ের মধ্যেই শেষ হবে। ক্লাবগুলো আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে।’ তাহলে লিগ ফেডারেশন কাপ ফুটবল শুরু হবে কবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ নভেম্বর লিগ কমিটি পুনরায় সভায় বসবে। আশাকরি সেদিনই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চাই ১৭ নভেম্বর ফেডারেশন কাপের ড্র করে ফেলব। আর ২০ নভেম্বরের মধ্যে খেলা মাঠে গড়ানোর তারিখটা চূড়ান্ত করব।’ গুঞ্জন আছে সব ক্লাব খেলোয়াড় দলবদলের সময় বাড়ানোর পক্ষে না। কিছু কিছু ক্লাব এখনই রেজিষ্ট্রেশন করাতে প্রস্তুত। গুঞ্জন আছে মোহামেডান দলবদলের সময় বাড়ানোর পক্ষে। ক্লাব কর্মকর্তাদের উপস্থিতিতে গতকালের সভায় সিদ্ধান্ত হয়েছে বাফুফের সদস্যরা ক্লাবের দিন মাঠের ভেতরে উপস্থিত থাকতে পারবেন। তবে সেটির চূড়ান্ত অনুমোদন নেয়া হবে বাফুফের নির্বাহী কমিটির সভায়। এক খেলোয়াড় দুই ক্লাব থেকে অর্থ নিয়ে জুটিলতার সৃষ্টি করছে। এজন্য আসন্ন মৌসুম শেষ হলে নতুন মৌসুম থেকে বাফুফের নিয়ম অনুসরণ করতে হবে। কোনো ক্লাব পছন্দের খেলোয়াড়কে আগাম পারিশ্রমিক দিয়ে চুক্তিবদ্ধ করতে চাইলে, তাকে বাফুফের সত্যায়ন থাকতে হবে। এটা প্রস্তাব আকারে বাফুফের নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেছেন, পেমেন্ট অ্যাগ্রিমেন্ট টার্মে আমরা প্রস্তাব করছি পেশাদারী প্রথায় খেলোয়াড়কে ১০ ভাগ পারিশ্রমিক আগাম দেয়া যাবে। ক্লাব যদি বাকি অর্থ দিতে ব্যর্থ হয় তাহলে বাফুফে দায়িত্ব গ্রহণ করবে।