দেশে ফিরে যাচ্ছেন কেন উইলিয়ামসন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০৯
প্রথম ওয়ানডে হারের পর এমনিতেই ব্যাকফুটে আছে নিউজিল্যান্ড। আজ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ফেরার মিশনে নামার আগে আরেকটা বড় ধাক্কা হজম করতে হয়েছে তাদের। বুড়ো আঙ্গুলের ইনজুরির কারণে খেলতে পারবেন না সফরকারীদের অন্যতম প্রধান অস্ত্র কেন উইলিয়ামসন। শুধু আজকের ম্যাচই নয়, গোটা সিরিজেই আর দলে দেখা যাবে না ইনফর্ম এই ব্যাটসম্যানকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ৩৫ তম ওভারে ফিল্ডিং করার সময় বুড়ো আঙ্গুলে ব্যথা পান তিনি। এর পরই মাঠ ছেড়ে যান টেস্টে ব্যাট হাতে দারুণ পারফর্ম করা এই ব্ল্যাক ক্যাপ ক্রিকেটার। ওয়ানডেটিতে আর খেলা হয়নি উইলিয়ামসনের। রাতে এক্সরে করার পর জানা যায় যে, আঙ্গুলে ছোট একটা চিড় ধরেছে। তার সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড দলের ফিজিওথেরাপিস্ট পল ক্লোস, ‘এই ধরনের ইনজুরি খুবই দুর্ভাগ্যজনক। কেন (উইলিয়ামসন) বাংলাদেশ সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় ফিরে আসতে ওর মোটামুটি ছয় সপ্তাহ সময় লাগবে।’
বাংলাদেশ সিরিজ তো বটেই, কেন উইলিয়ামসনের ইনজুরির কারণে বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কা সিরিজেও সমস্যায় পড়তে হবে নিউজিল্যান্ডকে। শ্রীলঙ্কায় তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলরের অনুপস্থিতিতে তাকেই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। এখন সিরিজটিতে খেলাই হচ্ছে না উইলিয়ামসনের। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে দ্রুতই সেই ব্যাপারে ঘোষণা আসবে বলে আভাস দিয়েছেন নির্বাচক কমিটির প্রধান ব্রুস এডগার, ‘কেন (উইলিয়ামসন) এখনও তরুণ। ব্রেন্ডন (ম্যাককালাম) ও (রস) টেলরের অবর্তমানে আমরা তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু এই যাত্রায় আর সেটা হচ্ছে না। এখন আমাদের বিকল্প পরিকল্পনা করতে হবে। দ্রুতই আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানাবো।’
এর মধ্যেই উইলিয়ামসনের বদলি খেলোয়াড় চূড়ান্ত করে ফেলেছে নিউজিল্যান্ড। দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে ওয়েলিংটনের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চিকে। এ মাসেই নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলংকা সফর করে গেছেন তিনি।
শ্রীলঙ্কা সফরের পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডানেডিনে আগামী তিন ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে উইলিয়ামসন ফিরতে পারবেন কি না সেটা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তিন ইনিংসে ৬২, ১১৪ ও ৭৪ রান করা উইলিয়ামসনকে তাই ওয়ানডে সিরিজের মাঝপথে হারানো অতিথিদের জন্য বড় একটা ধাক্কা।