সরকার গঠনের পাঁচ মাস পর মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় পুনর্বিন্যাসের অংশ হিসেবে দুটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বের ক্ষেত্র কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয়েছে তাজুল ইসলামকে। একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন ভট্টাচার্যকে।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সেই সময় গঠন করা হয় ৪৬ সদস্যের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছয় মন্ত্রণালয় রাখা হয়। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন।