রাজশাহীতে চার সাংবাদিক পিকেটারদের হামলার শিকার

সামপ্রতিক হরতালে কর্তব্যরত সাংবাদিকরা পিকেটারদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন। ১৮ দলীয় জোটের টানা ৬০ হরতালে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিভাগে চার সাংবাদিক বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীদের হামলার শিকার হয়েছেন। জানা গেছে, গত মঙ্গলবার মহানগরীর মণিচত্বরে পিকেটারদের ইটের আঘাতে দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সরদার এম আনিছুর রহমান আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। এর আগে গত সোমবার রাজশাহী মহানগরীর শহীদ মিনার এলাকায় পিকেটারদের হামলার সময় টিভির রাজশাহী অফিসের ক্যামেরাম্যান আব্দুস সালাম গুরুতর আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। একই দিন নাটোরে পুলিশ-বিএনপি-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ চলাকালে আরটিভির স্থানীয় প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনকে পিটিয়ে জখম করে পিকেটাররা। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বগুড়ার নন্দীগ্রামে দৈনিক বগুড়া পত্রিকার রিপোর্টারের ক্যামেরা ভাংচুর ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে পিকেটাররা। তাকেও প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। স্থানীয় সাংবাদিকরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আক্রমণকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে পৃথক বিবৃতিও দিয়েছেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের এক অংশের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বলেন, সাংবাদিকদের ওপর হামলা অব্যাহত থাকলে সাংবাদিকরা সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।