কালিয়াকৈরে কারখানায় ভাংচুর, পুলিশের সাথে সংঘর্ষে আহত ২৫

ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে কালিয়াকৈরে কয়েকটি পোশাক কারখানায় ফের শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। শ্রমিকরা সড়ক অবরোধ করে কারখানায় ভাংচুরের সময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে পথচারীসহ ২৫ জন আহত হয়। এ ঘটনায় ঐ এলাকার ২০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাজে যোগ দিয়ে শ্রমিকরা ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে। এক পর্যায় সহস্রাধিক শ্রমিক উত্তেজিত হয়ে পল্লীবিদ্যুত্ আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে কয়েকটি কারখানা ভাংচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।