পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের অধিভুক্তি বাতিল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৬
নির্ধারিত সময়ের মধ্যে অধিভুক্ত হওয়ার শর্ত পালনে ব্যর্থ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের অধিভুক্তি বাতিল করেছে। বিশ্ববিদ্যালয়ের ৭৯তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং ১৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ প্রতিষ্ঠানগুলোর অধিভুক্তি বাতিল করা হয়।
অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো হল শিববাটি বগুড়ার এস বি সায়েন্স এন্ড টেকনোলজি, একই জেলার বগুড়া টি এইচ.বি পি এড কলেজ, করতোয়া সড়কের বগুড়া লাইব্রেরি সায়েন্স কলেজ, খুলনার ইনস্টিটিউট অব লাইব্রেরি আর্টস, কমার্স এন্ড সায়েন্স এবং চট্টগ্রামের ইনস্টিটিউট অব লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস)
জাতীয় বিশ্ববিদ্যালয় আইন (১৯৯২ সনের ৩৭ নং আইন) এবং অধিভুক্তি সংক্রান্ত সংশোধিত কার্যপ্রণালী বিধি-২০১০ অনুযায়ী অধিভুক্তি দানের সময় আরোপিত শর্তপূরণে ব্যর্থ হওয়ায় এ সব প্রতিষ্ঠানের অধিভুক্তি বাতিল করা হয়েছে।