নিজামীর পক্ষে ছেলের সাফাই সাক্ষ্য
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৭
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে চতুর্থ ও শেষ সাক্ষী তার ছেলে ব্যারিস্টার মো. নাজিবুর রহমানের জবানবন্দি শেষ হয়েছে। বুধবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি তার অসমাপ্ত জবানবন্দি দেন। এদিন মূলত তিনি আসামির পক্ষে ডকুমেন্ট ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। আসামিপক্ষে মোট ৭৪টি ডকুমেন্ট প্রদর্শন করা হয়। জবানবন্দি শেষে তাকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। জেরার সময় তিনি বলেন, প্রদর্শিত ডকুমেন্টগুলোর উপর জেরার জন্য তা দেখতে সময় প্রয়োজন। পরে জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনাল আসামিপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য গতকালের সকালের সেশন নির্ধারণ করে দিয়েছিল। দুপুরের পর থেকে রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপন করতে বলা হয়। কিন্তু জেরা শেষ না হওয়ায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করতে পারেনি রাষ্ট্রপক্ষ। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগে জামায়াতের এই শীর্ষ নেতার বিচার চলছে। বর্তমানে নিজামী কারাবন্দি রয়েছেন।
মোবারকের বিরুদ্ধে
তদন্ত কর্মকর্তার
সাক্ষ্য ১২ নভেম্বর
এদিকে একই ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শ্যামল চৌধুরীর সাক্ষ্য গ্রহণের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও নিজামীর মামলার কার্যক্রম চলায় দিন পুনঃনির্ধারণ করা হয়।