বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটিতে ভারচুয়াল ক্লাস চালু

বাংলাদেশে স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষার ইতিহাসে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা ভারচুয়াল ক্লাসের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ই ব্লকের সপ্তম তলায় নবনির্মিত ভারচুয়াল ক্লাসরুমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোঃ আখতার হোসেন। বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ সায়েদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মোঃ রুহুল আমিন মিয়া, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মিসবাহ উদ্দিন প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রাম এর ফেইজ-বি তে অধ্যয়নরত রেসিডেন্টদের জন্য সমপ্রসারিত ইনডাকশন প্রোগ্রামের আওতায় ‘ভারচুয়াল ক্লাস উইথ ফরেন ফ্যাকাল্টি’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের ফেইজ বি-এর ২০০ রেসিডেন্ট ছাত্র-ছাত্রী সরাসরি ভারচুয়াল ক্লাসে অংশ নেন। এছাড়া ক্লাসটিতে বিএসএমএমইউ’র বিভিন্ন অনুষদের ডিনগণ, কোর্স ডাইরেক্টর ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে সিডনি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার Dr. Brent McParland এ্যাজমা চিকিত্সার উপর অস্ট্রেলিয়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩০ মিনিটের একটি লেকচার নেন। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্ত ভারচুয়াল ক্লাস চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানান।