নিজ মাঠে টানা ২১তম জয়ের লক্ষ্য বার্সার

নুক্যাম্পে আগের ২০ ম্যাচেই অপরাজিত বার্সেলোনা। ২১তম জয়ের লক্ষ্যে কাতালানরা আগামীকাল শুক্রবার ন্যুক্যাম্পে এস্প্যানিওলকে আতিথ্য দেবে। এর আগে গত মঙ্গলবার রাতে বার্সেলোনা সেল্টা ভিগোকে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে অপরাজিত থেকে শীর্ষে নিজেদের অবস্থান আরো সংহত করেছে। এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের থেকে নয় এবং অ্যাতলেটিকো মাদ্রিদের থেকে চার পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। বার্সেলোনা লা লিগায় শেষবার হেরেছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ২ মার্চের ওই ম্যাচের পর লিগে অপরাজিত দলটি। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে আরো দুর্দান্ত কাতালানরা। ২০১২ সালের ৩ নভেম্বরের পর থেকে এ মাঠে কোনো খেলায় পরাজয়ের তিক্ততায় পড়তে হয়নি মেসিদের। এদিকে গত মঙ্গলবার রাতের খেলায় সেল্টা ভিগো নিজেদের মাঠে শুরুতে আক্রমণে গেলেও কাজের কাজটি করতে পারেনি। বরং এদিন নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমে নবম মিনিটেই দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। স্বাগতিকদের ডিফেন্ডার গুস্তাভ ক্যাবরেলকে মাঝমাঠে পরাস্ত করে দারুণভাবে কাতালানদের এগিয়ে দেন এই চিলিয়ান স্ট্রাইকার। বিরতির পর ৪৮ ও ৫৪ মিনিটে ইয়োয়েল পর পর দুটি গোল করলে কোচ জেরার্ডো মার্টিনোর দল ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। বার্সা কোচ ম্যাচ শেষে বলেন এই জয় তার দলের প্রাপ্য ছিল, ‘আমার মনে হয়, স্বাভাবিকভাবেই এই ম্যাচে আমাদের জয় প্রাপ্য ছিল। প্রথম গোলটি করার পর আমাদের দ্বিতীয় গোল পেতে সময় লেগেছে। কারণ ওই সময় সেলটা আক্রমণে গিয়েছিল।’ ম্যাচে নিজেদের প্রাধান্য বিস্তারের কথাটাও জানিয়েদেন এই আর্জেন্টাইন কোচ, ‘দ্বিতীয়ার্ধে ডি বক্সের বাইরে থেকে সেল্টা মাত্র দুটি সুযোগ তৈরি করতে পেরেছিল। তার পরে আমরা ভালো ভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি। দ্রুতই আমরা দুটি গোল করি এবং মাঝ মাঠের নিয়ন্ত্রণটাও আমাদের হাতেই ছিল।’ এই ম্যাচে জয়ের পর শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে কাতালানরা। তবে বাকি দলগুলোর অবস্থা চিন্তা না করে নিজের দলের খেলার উন্নতির দিকেই নজর মার্টিনোর, ‘সত্য বলতে, আমি আমাদের দলের অবস্থা এবং ম্যাচের ফল নিয়ে আমি বেশি ভাবছি। আমরা কী পরিস্থিতিতে খেলছি সেটা গুরুত্বপূর্ণ না। কারণ প্রতিটি ম্যাচেই আমাদেরকে জিততে হবে। সেটা রিয়াল মাদ্রিদই হোক বা অন্য কোনো দল। জয় পেলে ডে কেউই প্রশান্তিতে থাকে। তবে আমরা আমাদের খেলা নিয়েই ভাবছি।’